আজ, রবিবার সকাল সকাল বেলেঘাটায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি হানা দেয় সিবিআই। তাঁর বিরুদ্ধে আর জি করে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই ঘটনাতেই চলছে সিবিআই তল্লাশি। তবে শুধুমাত্র সন্দীপ ঘোষই নয় এদিন ১৫টি জায়গায় হানা দিয়েছে সিবিআই। আর এর মধ্যে রয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দেবাশিস সোম ও আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িও।
কে এই দেবাশিস সোম?
কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে এদিন সকালে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এই দেবাশিস সোম সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তথা ফরেনসিক মেডিসিনের চিকিৎসক। স্বাস্থ্য নিয়োগ বোর্ডে নাম রয়েছে তাঁর। জানা গিয়েছে, ৯ আগস্ট আর জি করে ছিলেন তিনি। এমনকি তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের সময়ও উপস্থিত ছিলেন এই দেবাশিস সোম। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর সেদিন একাধিকবার ফোনে কথা হয়েছে বলে খবর।
প্রশ্ন উঠেছে, দেবাশিস ঘোষের মতো ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের নাম স্বাস্থ্য নিয়োগ বোর্ডে কেন রয়েছে। এই দেবাশিস সোমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিও। যিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন। অভিযোগ, আর্থিক দুর্নীতির ফরেনসিক প্রমাণ-সহ নানান তথ্য প্রমাণ লোপাটে পরামর্শ দিতেন এই দেবাশিস সোম। তবে সেই অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখছে সিবিআই। সেই কারণেই তাঁর বাড়িতে হানা।
এদিন শুধুমাত্র দেবাশিস সোমই নয়, আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িও হানা দিয়েছে সিবিআই। এন্টালিতে তাঁর বাড়ি ঘিরে ফেলেছেন সিআইএসএফ জওয়ানরা। তিনিও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন বলে খবর। এই সঞ্জয় বশিষ্ঠের নামও রয়েছে আখতার আলির অভিযোগে। সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি করছে সিবিআই।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে আখতার আলি বলেছিলেন, “ডে ওয়ান থেকে ওঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। এক সময় ছাত্ররা ওঁর বিরুদ্ধে ভুক হরতাল করেছিল প্রায় একমাসের বেশি। কুকুরের মতো ছাত্ররা তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাশ করাতেন। যাঁরা ওঁর ছাত্র ছিল তাঁরা বাকিদের অত্যাচার করত। খারাপ কেসে ফাঁসিয়ে দিত। ব্ল্যাকমেইল করত। পয়সা না দিলে এই করে দেব। ওই করে দেব এই সব বলত। একে সাসপেন্ড করে দ্রুত হেফাজতে নেওয়া”। শুধু তাই-ই নয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ২০২১ সাল থেকেই নানান অভিযোগ সামনে এসেছে। আর্থিক তছরুপ তো বটেই, এরই সঙ্গে মেডিক্যাল সরঞ্জাম নিয়ে কালোবাজারি, ওষুধ নিয়ে কালোবাজারি এমন নানান অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। এবার সেই দুর্নীতির তদন্ত করছে সিবিআই।





