ভোটের মুখে ফের বড় বিপাকে শাসকদল, এবার মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা, টাকার বিনিময়ে সংসদে প্রশ্নের কাণ্ডেই তল্লাশি?

ভোটের আগে বেশ তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার শনিবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাটে হানা সিবিআইয়ের। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিকের নাম ডি এল মৈত্র যিনি তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবা। অনুমান, সংসদে টাকার বিনিময়ে মহুয়ার প্রশ্নের কাণ্ডেই এই হানা।

জানা গিয়েছে, ডি এল মৈত্র পেশায় একজন ব্যবসায়ী। তিনি তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের বাবা। এদিন আলিপুরের রত্নাবলী নামের এক আবাসনে যায় সিবিআই, ওই ফ্ল্যাটেই থাকেন মহুয়ার বাবা। জোর তল্লাশি চলছে ওই ফ্ল্যাটে। সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার ঘটনাতেই এই তল্লাশি কী না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভার স্পিকারকে চিঠি দেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটি তদন্ত শুরু করে।

সেই তদন্তের পর লোকসভার স্পিকারের নির্দেশে সাংসদ পদ হারান মহুয়া। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি। বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আবার তদন্ত শুরু করেছে সিবিআই।  আগামী ৬ মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন লোকপাল। সেই তদন্তের জন্যই এদিনের এই তল্লাশি কী না, তা নিয়ে চলছে জল্পনা।

বলে রাখি, মহুয়ার সাংসদ পদ গেলেও এবারের লোকসভা নির্বাচনে ফের তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। কৃষ্ণনগর থেকেই ফের তাঁকে প্রার্থী করা হয়েছে। মহুয়ার সাংসদ পদ খারিজ করা নিয়ে বেশ ক্ষোভ জারি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবর মহুয়ার সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। গতকাল, শুক্রবারই মমতার মন্ত্রী চন্দ্রনাথ  সিনহার বাড়ি হানা দেয় ইডি। আর আজ আবার সিবিআইয়ের হানা মহুয়া মৈত্রের বাড়ি। ভোটের মুখে নানান তৃণমূল নেতানেত্রীদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার জেরে যে শাসক দল বেশ বিড়ম্বনায় পড়ছে, তা বলাই বাহুল্য।  

RELATED Articles