কিছুদিন আগেই আইকোর মামলায় সিবিআই তলব করেছিল তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু সেই সময় তিনি ইমেল মারফৎ জানান যে নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না।
তিনি এও জানিয়েছিলেন যে সিবিআই আধিকারিকরা চাইলে তাঁকে তাঁর বাড়ি বা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তাই-ই করেছিল সিবিআই। পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই হাজির হয়েছিল শিল্পভবনে।
আরও পড়ুন- বাবুল নবান্ন ছাড়ার পর হঠাৎই সেখানে হাজির প্রশান্ত কিশোর, মমতা-অভিষেকের সঙ্গে চলল গোপন বৈঠক
এবার মানস ভুঁইয়াও সেই পার্থ চট্টোপাধ্যায়ের পথেই হাঁটলেন। আর পার্থর মতোই সিবিআইও এবার পৌঁছে গেল খাদ্যভবনে মানস ভুঁইয়াকে জেরা করতে। আসলে, গতকালই খবর মেলে যে আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছে সিবিআই।
আজ, সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল করে জানান যে গত কয়েকদিনের বৃষ্টিতে তাঁর বিধানসভা কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে। সেই কাজের তদারকিতে তিনি ব্যস্ত থাকবেন, তাই তিনি হাজিরা দিতে পারবেন না।
এই ইমেল পাওয়ার পরই খাদ্যভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সেখানে পৌনে দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মানস ভুঁইয়াকে। সেদিন আইকোরের অনুষ্ঠানে তিনি কেন উপস্থিত ছিলেন, সেই ভুয়ো সংস্থার সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন ছিল কী না, তা জানতে চায় সিবিআই।
বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যে কয়লা পাচার ও আর্থিক তছরুপ ও চিটফান্ড কাণ্ড নিয়ে বেশ সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। চলতি মাসের শুরুর দিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলে ইডি। রুজিরা হাজিরা না দিলেও অভিষেক হাজিরা দেন। তবে তাঁকে দ্বিতীয়বার তলব করা হলে তিনি আর যান নি।






