গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর থজেকেই অনুব্রতর সম্পত্তির খোঁজ চলছিল। এবার তদন্তে নেমে কোটি কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডলের নামে একটি ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের খোঁজ পেয়েছে সিবিআই। এর মধ্যে অনুব্রতর কিছু ঘনিষ্ঠদের নামও রয়েছে বলে জানা গিয়েছে। ১৬ কোটি ৫৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই।
সিবিআই আধিকারিকদের অনুমান, এই টাকা গরু পাচার লাভের টাকা। অনুব্রতকে গ্রেফতার করার পর থেকেই তাঁর নানান সম্পত্তির খোঁজ চলছিল। এবার এই প্রথম অনুব্রত মণ্ডলের নামের কোনও টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বোলপুরে তাঁর নামে আরও অনেক সম্পত্তি রয়েছে বলেই অনুমান সিবিআইয়ের। সেসবের খোঁজ এখনও না মিললেও মনে করা হচ্ছে অনুব্রতর বেনামে অনেক সম্পত্তি রয়েছে।
বলে রাখি, গত বৃহস্পতিবার অনুব্রতকে গ্রেফতার করার পর আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় তাঁকে। আদালতের নির্দেশে ১০ দিনের সিবিআই হেফাজত হয় অনুব্রতর। আগামী ২০শে আগস্ট পর্যন্ত অনুব্রত সিবিআই হেফাজত অর্থাৎ নিজাম প্যালেসেই থাকবেন। তবে এরই মধ্যে তাঁর নামে এত কোটি টাকার হদিশ পেল সিবিআই।





