ভোট পরবর্তী হিংসার (post poll violence) মামলায় এবার সিবিআই স্ক্যানারে গায়িকা তথা তৃণমূল নেত্রী অদিতি মুন্সির (Aditi Munsi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। একটি খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ, মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করেছে সিবিআই (CBI)। দেবরাজ বিধাননগরের কাউন্সিলর ও মেয়র পারিষদ।
জানা গিয়েছে, ২০২১ সালের জুন মাসে বাগুইআটির সুকান্তপল্লিতে নিজের বাড়িতেই উদ্ধার হয় প্রসেনজিৎ দাস নামে এক যুবকের দেহ। তাঁর ঘরেই তাঁর মৃতদেহ দেখতে পান প্রসেনজিতের মা-বাবা। তারা দাবী করেছিলেন যে প্রসেনজিতের হাতে সিগারেটের ছ্যাঁকা ছিল।
পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে যে চেনা কেউ প্রসেনজিতের ঘরে ঢুকে খুন করে বছর তিরিশের ওই যুবককে। সূত্রের খবর, প্রসেনজিৎ ইমারত সামগ্রী সরবরাহের কাজ করতেন। ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তভার সিবিআই নেওয়ার পর এখন এই মামলার তদন্তও সিবিআই-ই করছে।
সিবিআই সূত্রে খবর অনুযায়ী, দেবরাজ চক্রবর্তী এই ঘটনা সম্পর্কে কতটা জানেন, তিনি প্রসেনজিতকে কতটা চিনতেন, কাউকে তিনি এই ঘটনায় সন্দেহ করেন কী না- এই সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করেছে সিবিআই। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বলে রাখি, দেবরাজ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কংগ্রেসের কর্মী ছিলেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন তিনি। এলাকায় তৃণমূল নেতা হিসেবে বেশ নাম রয়েছে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর।





