নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে রাজ্য এখন উত্তাল। আর এরই মধ্যে এই দুর্নীতিতে ফের জড়াল আরও এক তৃণমূল নেতার। এর জেরে যে ফের শাসক দলকে অস্বস্তিতে পড়তে হবে, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতি শাহজাহান মোল্লাকে (Shah Jahan Molla) সিবিআই (CBI) তলব করেছে। আজ, শুক্রবারই তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
গত এক বছর ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে উত্তেজনা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গত বছর জুলাই মাসের শেষের দিকে এই দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করে ইডি। এরপর এক এক করে শিক্ষাক্ষেত্রের অনেক প্রভাবশালীকেই এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়।
এই দুর্নীতির জেরে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও। তাদের সকলকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতে ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার হাজিরার নির্দেশ দেওয়া হল তাঁকে।
সূত্রের খবর, শুক্রবার সকালেই ভাঙড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শাহজাহান মোল্লা। যদিও তিনি সিবিআই দফতরেই যাচ্ছেন কী না, তা সঠিকভাবে জানা যায়নি। তবে জানিয়েছেন, সন্ধের মধ্যেই ফিরবেন। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়েই শাহজাহান নিজাম প্যালেসেই যাচ্ছেন।





