পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর যোগ, স্পিড পোস্টে নোটিশ পাঠিয়ে তলব করল সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি রাজ্যের নানান পুরসভাতেও নিয়োগ দুর্নীতি অভিযোগ ওঠে। এবার সেই মামলায় রাজ্যের হেভিওয়েট এক মন্ত্রীর যোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সেই কারণে আগামী ৩১শে আগস্ট ওই মন্ত্রীকে তলব করল সিবিআই। আজ, বুধবার স্পিড পোস্টের মাধ্যমে নোটিশ পাঠিয়ে ওই মন্ত্রীকে  নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, যে সময়ে পুরসভায় নিয়োগ দুর্নীতি অভিযোগ উঠেছে বলে সিবিআইয়ের হাতে তথ্য এসেছে, সেই সময়ে ওই মন্ত্রী পৌরসভার বিশেষ দায়িত্বে ছিলেন। সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই নির্দিষ্ট পৌরসভাতে নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই দুর্নীতি কীভাবে হল, ও এই পুরসভায় নিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম চক্রী অয়ন শীলের সঙ্গে কীভাবে তাঁর পরিচয় হল, তা জানতে চায় সিবিআই। সেই কারণেই তাই মন্ত্রীকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হওয়ার পর প্রথম পুরসভায় নিয়োগ দুর্নীতির কথা প্রথম সামনে আসে। আদালতে ইডি দাবী করেছিল, অয়ন শীলের থেকে উদ্ধার হওয়া নথিতে পুরসভায় নিয়োগে দুর্নীতির হদিশ মিলেছে। সেই সমস্ত নথি দেখে জানা গিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে।

পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। তবে রাজ্যের সেই আর্জি খারিজ করে আগের নির্দেশই বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিন‌হা।

তবে তারপর ফের পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। গত সোমবার সপ্তাহের শুরুতে ওই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপরই পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর হয় সিবিআই।

RELATED Articles