বঞ্চনার অভিযোগের মাঝেই এল কেন্দ্র থেকে এল টাকা, দীপাবলির আগে মমতাকে ৫ হাজার কোটি টাকা পাঠালেন মোদী

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্রমাগত আক্রমণ করেছে তৃণমূল। প্রতিবাদ করেছে শাসক দল। তবে এবার এই অভিযোগের মাঝেই কেন্দ্র থেকে রাজ্যে এল টাকা। দীপাবলির ‘উপহার’ হিসেবে বাংলার জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার।

শুধুমাত্র বাংলাই নয়, অন্যান্য রাজ্যেও পাঠানো হয়েছে টাকা। নভেম্বর মাসের ট্যাক্স ডিভ্যালুয়েশনের টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে নানান রাজ্যকে। এর মধ্যে বাংলা পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা।

নভেম্বর মাসের ট্যাক্স ডিভ্যালুয়েশনের হিসেবে সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে উত্তর প্রদেশ। ১৩ হাজার ৮৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে সে রাজ্যের জন্য। এরপর রয়েছে বিহার ও মধ্য প্রদেশ। এই দুই রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে যথাক্রমে ৭ হাজার ৩৩৮ কোটি টাকা এবং ৫ হাজার ৭২৭ কোটি টাকা। তারপরই চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার জন্য নির্মলা সীতারমণের মন্ত্রক থেকে বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

নবান্নের এক আধিকারিক জানালেন, কোন রাজ্য কত টাকা পাবে তা নির্ভর করে সেই রাজ্যের আয়তন ও জনসংখ্যার উপর। উত্তরপ্রদেশের আয়তন ও জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় বেশি। তাই গোবলয়ের এই রাজ‌্যকে বেশি বরাদ্দ করা হয়েছে। 

তবে বাংলার বঞ্চনা নিয়ে এদিন ফের সরব হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলার মানুষ যে হারে কেন্দ্রকে কর দিচ্ছে তার মাত্র একটা ছোট অংশ রাজ্যের উন্নয়নের জন্য ফেরত আসছে। উলটে বাংলার গরিব মানুষের বকেয়া পাওনা এক বছরের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। এর মধ্যে একশো দিনের প্রকল্প বাবদ আটকে রাখা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। সেই সঙ্গে সাড়ে ১১ লক্ষ পরিবারের বাড়ি বাবদ ৮২০০ কোটি টাকা বরাদ্দ আটকে রেখেছে মোদি সরকার। অবিলম্বে এই বকেয়া দেওয়া হোক বাংলাকে”।

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ এনেছে তৃণমূল। গত মাসেই দিল্লি গিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতানেত্রীরা। এমনকি, কলকাতায় রাজভবনের সামনেও এই একই দাবীতে ধর্না অবস্থান করেছে তৃণমূল। একশো দিনের বকেয়া টাকা-সহ আরও নানান টাকা বকেয়া থাকার কারণে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করে তৃণমূল, এবার এই অভিযোগের মাঝেই রাজ্যে টাকা পাঠাল কেন্দ্র।

RELATED Articles