দিনের পর দিন যেন বেড়েই চলেছে এই দ্বন্দ্ব। থামার নামই নেই। বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেই চলেছেন তিনি। দলের কর্মীদের পাশে দাঁড়িয়ে অনেকদিন আগে থেকেই সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। আর এবার সেই আক্রমণের গতি ক্রমেই বাড়ছে।
এবার রাজ্য নেতৃত্ব থেকে জেলা সভাপতিদের তুলোধোনা করে অনুপম বলেন, “দলের মধ্যে যে সমস্ত ভাইরাস আছে, সেই ভাইরাসকে আগে বের করুন। দরকার পড়লে দু’ চারটে থাপ্পড় মারতে হয় মারুন। কোনও অসুবিধা নেই”। তাঁর কথায়, “রাজ্যের কোর কমিটির মধ্যে আমি ঢুকে গেলে ওলট-পালট হয়ে যাবে। যে সিন্ডিকেট চলে ওই সিন্ডিকেটগুলো ঘেঁটে যাবে। এই জন্য আমাকে কোনও রাজ্য অফিসের বৈঠক বা অনুষ্ঠানে ডাকা হয় না”।
গতকাল, মঙ্গলবার নানুর বিধানসভার কীর্ণাহার অঞ্চলের ফেউগ্রামে এক দলীয় কার্যালয় উদ্বোধনে গিয়েছিলেন অনুপম হাজরা। তবে এদিনের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন না স্থানীয় বিজেপি নেতৃত্বের অনেকেই। ছিলেন না বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলও। এই বিষয়ে অনুপম বলেন, “ওঁর জন্যই সাধারণ কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছে। অথচ ওঁরই গ্রাম কিন্তু ওঁর সঙ্গে কোনও লোক নেই”।
এদিন বেশ অভিযোগের সুরেই অনুপম জানান, পশ্চিমবঙ্গ থেকে তিনিই একমাত্র বিজেপির কেন্দ্রীয় স্তরে জায়গা পেয়েছেন। অথচ রাজ্যের ২৬ জন সদস্যের কোর কমিটিতে তাঁর জায়গা হয়নি। কারণ, ওই কোর কমিটির মধ্যে তিনি ঢুকে গেলে অনেক ‘হিসেব-নিকেশ’ ওলট-পালট হয়ে যাবে।
অনুপমের কথায়, “এই জন্য আমাকে কোনও রাজ্য বিজেপির প্রোগ্রামে ডাকা হয় না। আবার যদিও বা ডাকা হয়, এমন একটা সময়ে বলা হয় যে পৌঁছতেই পারব না”। আক্ষেপের সুরে তিনি বলেন, “আমাদের পার্টির (বিজেপি) একটা প্রবলেম (সমস্যা) হচ্ছে, পদাধিকারীরা যখন পদে থাকেন, তখন তাঁদের মাটিতে পা থাকে না”।
রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করে অনুপম দলের কর্মীদের উদ্দেশে বলেন, “যে পদাধিকারীরা কাজে বাধা দেবেন, তাঁদের আগে ওষুধ দিন। দলের মধ্যে যে সমস্ত ভাইরাস এবং ভিলেন রয়েছে, তাঁদের চিহ্নিত করুন। আপনারাই তাঁদের ওষুধ দিতে পারবেন”।
তাঁর সংযোজন, ‘‘আপনারা (কর্মীরা) মার খাচ্ছেন। আর তাঁরা (নেতারা) বাবা-কাকাদের ধরে পদ পেয়েছেন। তা দিয়ে দাদাগিরি করছেন, নিজেদের পকেট ভরাচ্ছেন। এঁরা মোদীজির নাম ভাঙিয়ে পকেট গরম করতে এসেছেন। এই সমস্ত ভাইরাসকে চিহ্নিত করে আপনারাই ওষুধ দিন। একটা দল শুধু মার খাবে, আর একটা দল পকেট ভরাবে, এটা বেশি দিন চলতে পারে না। চোরমুক্ত বিজেপি করতে হবে”।
রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অনুপমের এহেন মন্তব্যের কারণে তাঁর সমালোচনা করে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “চাইলে সরাসরি তৃণমূল যোগ দিন”। এর পাল্টা আবার শমীককে ‘এসি ঘরের তোতাপাখি’ বলে কটাক্ষ করেন অনুপম।





