শুক্রবারের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে মহানগরী। এদিন বিকেলে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই মতো ঝেঁপে নামল বৃষ্টি। শনিবার থেকে বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, জারি করা হয়েছে কমলা সতর্কতাও। শুধু শনিবার নয় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে থাকা অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ দমকা হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনকি শিলা বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ১৬ থেকে ২০ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বজ্রপাত হতে পারে। সাধারণ মানুষের কাছে সতর্কতামূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে উত্তরবঙ্গের কোনও জেলায় জন্য আপাতত এই ধরনের সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। এছাড়া অস্থায়ী পরিকাঠামোর ক্ষতি হতে পারে।
দোলের আগে এই সপ্তাহান্তে প্রবল বর্ষণ হবে শহর কলকাতায়। শনি ও রবি দুদিনই হবে বৃষ্টি। বৃষ্টির প্রকোপ বাড়বে মঙ্গলবার, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান ও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে।
আইএমডি সূত্র মারফত, ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দক্ষিণের তাপপ্রবাহ কর্ণাটকের মানুষকে সমস্যায় ফেলতে পারে। তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।





