তৃণমূল নেতার ‘বউ পালাল’ বিজেপি নেতার সঙ্গে! ‘বউ চুরি’ করার অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে, স্ত্রীকে ফেরাতে পথ অবরোধ তৃণমূল নেতার

কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, এমন নানান অভিযোগ এতদিন উঠেছে রাজ্যে। এবার উঠল বউ চুরির অভিযোগ। তবে এই অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার বউকে নিয়ে পালিয়েছেন বিজেপি প্রধান, এমনই অভিযোগ তৃণমূল নেতার। এই ঘটনায় তুমুল শোরগোল পড়েছে গোটা এলাকায়।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত দোগাছি গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, বিজেপির পঞ্চায়েত প্রধানের প্রেমে ঘর ছেড়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা। বিজেপির বিরুদ্ধে বউ চুরি করে নেওয়ার অভিযোগ এনেছেন ওই পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা অরবিন্দ মণ্ডল। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছেন বিজেপি পঞ্চায়েত প্রধান রন্টু সর্দার। এদিকে বিজেপি পঞ্চায়েত প্রধানের দাবী, তৃণমূল নেতার স্ত্রীকে নিয়ে পালানো তো দূর, তাঁর স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর।

জানা গিয়েছে, তৃণমূল নেতা অরবিন্দ মণ্ডল পেশায় সবজি ব্যবসায়ী। কলকাতায় এসে সবজি বিক্রি করেন তিনি। বাড়ি থেকে বের হন ভোরবেলা আর ফেরেন সেই রাতের ট্রেনের। অভিযোগ, গত ৪ মার্চ রাতে বাড়ি ফিরে আর বউকে দেখতে পান নি তিনি। অনেক খুঁজেও পান নি। এরপরই বিজেপি নেতার বিরুদ্ধে বউ চুরি করে নেওয়ার অভিযোগ করেন তিনি।

এই নিয়ে কোতোয়ালি থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অরবিন্দ। এমনকি, বউকে ফিরে পেতে তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে আর্জিও জানিয়েছেন। তাঁর কথায়, “বিজেপির প্রধান আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। ভুল বুঝিয়ে আমার স্ত্রীকে দলবদলেও বাধ্য করা হয়েছে। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। আমার দাবি, অবিলম্বে বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে আমার বৌকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে”।

অরবিন্দ এও জানিয়েছেন, নিজের পরিবার থাকা সত্ত্বেও তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান রন্টু। তাঁর স্ত্রীকে সেই-ই নিয়ে পালিয়েছে। বিচার চেয়ে তৃণমূল মন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছেন বলেও জানান অরবিন্দ।  

এদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন বিজেপি পঞ্চায়েত প্রধান রন্টু সর্দার। তাঁর দাবী, “এই সব ভুল অভিযোগ। এ রকম কিছুই‌ হয়নি। বিজেপি পঞ্চায়েত গঠনের‌ পর থেকেই তৃণমূল আর কাজ পাচ্ছে না। তাই এ সব রটাতে হচ্ছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles