মমতার সৌজন্য! ফোন করে বঙ্গ বিজেপি সভাপতির স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে যান। তবে শেষমেশ করোনাকে (covid-19) জয় করেছেন তিনি। আর হাসপাতালে ভর্তি হওয়ার চার দিনের মধ্যেই অতিমারীকে জয়ের আনন্দে বাইকে মিছিল করে বাড়িও ফিরে গেছেন তিনি। এই মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্য ও জেলার বিজেপি নেতারাও।

তবে দিলীপ ঘোষকে আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।তবে তাৎপর্যপূর্ণভাবে সম্পর্ক আদায়-কাঁচকলায় হলেও ফোন করে দিলীপ ঘোষের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় দিলীপ ঘোষকে ফোন করে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান মমতা। তখন দিলীপ ঘোষ হাসপাতালেই ছিলেন।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী দিলীপবাবুকে পরামর্শ দিয়েছেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও চিকিৎসকদের কথা মেনে চলার জন্য, অবহেলা না করার। সেই সঙ্গে সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই কাজে যোগ দেওয়ার পরামর্শ‌ও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পরামর্শে সম্মতি প্রকাশ করে সৌজন্যতা দেখিয়েছেন দিলীপ ঘোষও।

RELATED Articles