আপাতত ক্লাস অনলাইনেই, ডিসেম্বরেও খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের মার্চ মাস থেকেই করোনা আবহের জন্য বন্ধ কলেজ- বিশ্ববিদ্যালয়। এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর থেকে খুলতে পারে স্কুল, কলেজ- বিশ্ববিদ্যালয়গুলি। কিন্তু রবিবার এই সিদ্ধান্তের বদল আনলেন তিনি। তাঁর কথায়, এখনই সশরীরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে না পড়ুয়াদের। এখনও ভরসা সেই অনলাইন ক্লাসই।

আজ, রবিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আপাতত কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চলবে অনলাইনেই। জানুয়ারি মাসে ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্যে করোনা পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। সংক্রমণের ধারা বজায় রয়েছে। এই অবস্থায় কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা হলে সংক্রমণের মাত্রা আরও বাড়বে। এই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পার্থবাবু। করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয়, এও আজকের বৈঠকে জানান শিক্ষামন্ত্রী। এও জানা গিয়েছে যে, সাপ্লিমেন্টারী পরীক্ষা থেকে শুরু করে কলেজের বিভিন্ন পরীক্ষা আপাতত অনলাইনেই হবে।

উল্লেখ্য, করোনা আবহের মধ্যেই কলেজে স্নাতকের প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে। তবে তারপরেও এখনও বেশ কয়েকটি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলিতে ফের অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, তার দায়িত্ব সংশ্লিষ্ট কলেজের কর্তৃপক্ষের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি। তাছাড়াও, রাজ্যের স্কুল কবে খুলবে বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

RELATED Articles