গতকাল, শনিবারই মুক্তি পেয়েছে সারা আলি খান ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘কুলি নং ১’-এর ট্রেলার। ১৯৯৫সালে মুক্তি পাওয়া করিশ্মা কাপুর ও গোবিন্দা অভিনীত ‘কুলি নং ১’-এর রিমেক এই ছবিটি। নতুন এই ছবিতে গোবিন্দার চরিত্রে দেখা যাবে বরুণকে ও সারা আলি খান নেবেন করিশ্মা কাপুরে জায়গা।
এই ছবির ট্রেলার প্রকাশ পেতেই তা নিয়ে ঘোর চর্চা শুরু হয়েছে। ইউটিউবের আসল ট্রেলারে ডিজলাইকের অপশনটাই উধাও। তার উপর বরুণ ও সারার রসায়ন নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেরই মতে, গোবিন্দা ও করিশ্মা কাপুরের মতো রসায়ন আনতে ডাঁহা ফেল করেছেন বরুণ ও সারা। কিন্তু যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল, জলের তলায় বরুণ ও সারার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন দৃশ্য। এই দেখে বোঝাই যাচ্ছে যে, ছবি হিট করানোর কোনও সুযোগই ছাড়তে রাজী নন পরিচালক।
এই ছবিরও পরিচালক ডেভিড ধাওয়ান। এই ছবিটি পরিচালকের জীবনের ৪৫তম ছবি হতে চলেছে। এর আগেও তিনি সলমন খান, রম্ভাও করিশ্মা কাপুর অভিনীত ‘জুড়ওয়া’ ছবির রিমেক বানিয়েছিলেন। রিমেক করা সেই ছবিতেও ছিলেন বরুণ, সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ ও তাপসী পান্নু। তবে সেই ছবি দেখে বেশ হতাশ হয়েছিল দর্শক। তাদের মতে, পরিচালক যথেষ্ট মন দিয়ে বানান নি ওই ছবিটি। তাই এই ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, সেই বিষয়টিকে বেশ ভাল মতোই মাথায় রেখেছেন তিনি।
দেখে নিন ট্রেলারঃ
নতুন “কুলি নং ১”-এর ট্রেলারে উঠে এসেছে বেশ কিছু হাসির মুহূর্ত। এই ছবিতে বরুণ-সারার পাশাপাশি অভিনয় করেছেন পরেশ রাওয়াল, জনি লিভার ও রাজপাল যাদবও। ২০২০সালের মে মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটি। কিন্তু করোনা আবহের জন্য তা পিছিয়ে যায়। এবার এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫শে ডিসেম্বর। কিন্তু কোনও প্রেক্ষাগৃহে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে।





