কানে ব্যাথা নিয়ে হাসপাতালে শিশু, চিকিৎসার নামে শিশুর কানে গরম জল ঢেলে দিলেন চিকিৎসক, বড় অভিযোগ মেডিক্যালে

কানে ব্যাথার কারণে শিশুকে নিয়ে হাসপাতালে যায় পরিবার। কান পরিষ্কার করার নামে শিশুর কানে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। গরম জল ঢেলে দেওয়ায় পুড়ে যায় শিশুর কান। খোঁজ মিলছে না অভিযুক্ত চিকিৎসকের।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, ওই শিশুর বাড়ি উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ায়। কানে ব্যাথা হওয়ার কারণে তাকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে নিয়ে যায় পরিবার। সেখানে কানে ঠাণ্ডা জল না দিয়ে ফুটন্ত গরম জল শিশুর কানে দিয়ে দেন বলে অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে।  

অভিযোগ, চিকিৎসক কান পরিষ্কারের জন্য কানে গরম জল ঢেলে দেন। এর জেরে কান পুড়ে যায় ওই শিশুর। অসুস্থ হয়ে পড়ে সে। এই ঘটনার কথা জানাজানি হতেই পালিয়ে যান ওই অভিযুক্ত জুনিয়র চিকিৎসক।

হাসপাতালের সুপারের কাছে এই নিয়ে অভিযোগ জানান শিশুর পরিবারের সদস্যরা। ক্ষোভ বর্ষণ করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের সুপার এই বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। তবে অভিযুক্ত চিকিৎসকের এখনও খোঁজ মেলেনি।

এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এই ধরনের ঘটনা যাতে হাসপাতালে আর না ঘটে, সেদিকে ব্যবস্থা রাখা হবে”। শিশুটির অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles