এবার কী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের পথে প্রণব-পুত্র অভিজিৎ? মিলছে দলবদলের ইঙ্গিত

২১শের বঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক ভাবে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। সিপিআইএম ও আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট বাঁধা যে ভুল হয়েছিল তা প্রায় পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যেই এই বিপুল হার নিয়ে বঙ্গ কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয়ে গেছে দোষারোপের পালা।

আর এই পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদের কংগ্রেসে বড় ভাঙনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেব উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের সাক্ষাৎ। বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে তাহলে এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল-কংগ্রেসে পা বাড়াবেন প্রণব পুত্র।

আরও পড়ুন- ‘বিচ্ছেদ হতেই পারে, আমারও তো হয়েছে, বিয়েটা তবে স্বীকার করা উচিত’, নুসরতকে পরামর্শ সৌমিত্রর

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন মুর্শিদাবাদ জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক ইমানি বিশ্বাস, মহম্মদ সোহরাব এবং আমিরুল ইসলাম–সহ আরও অনেকে। সেখান থেকেই অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যান তাঁরা। অভিষেক এবং অভিজিৎ-এর মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়।  আর তাতেই শুরু হয়েছে দলবদলে জল্পনা।

আরও পড়ুন- ‘মোদীকে তাড়াতে চাই’, কৃষকনেতার সঙ্গে বৈঠকের মাধ্যমেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মমতার

যদিও এই জল্পনা উড়িয়েছেন অভিজিৎ।দলবদলের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আবু তাহের ফোন করে বলল সকলে একসঙ্গে আছি। দাদা, তোমার বাড়িতে চা খেতে যাব। আমি বললাম চলে এস। ওঁদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল‌ই। এঁরা কেউই বাবার শ্রাদ্ধের সময় আসতে পারেননি। আজ আমার বাড়িতে এসে বাবা, মায়ের ছবিতে শ্রদ্ধা জানান। গল্পগুজব হয়। চা খেয়ে চলে যান। এটার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’‌

কিন্তু হঠাৎ এই সাক্ষাতে বাংলার রাজনীতি যে উত্তাল তা বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles