‘অত্যাচারী তৃণমূল বিধায়ককে বিজেপিতে নেওয়া যাবে না’, অসিত মজুমদারকে নিয়ে পোস্টারে ছয়লাপ, লকেটকে নিয়ে পাল্টা দাবী তৃণমূলের

এমনিতে তিনি বিতর্কিত বিধায়ক নামেই পরিচিত বলা যেতে পারে। এবার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে (Asit Majumdar) নিয়ে শুরু নতুন জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে কী তিনি বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন? হুগলী স্টেশনে যে ধরণের পোস্টার পড়ল, তাতে সেই জল্পনাই উঁকি দিচ্ছে।

নানান সময়ে অসিত মজুমদার নানান বিতর্কে জড়িয়েছেন। বিজেপিকে হুঁশিয়ারি শানানো থেকে শুরু করে বিজেপি কর্মীদের লাঠি নিয়ে ধাওয়া, নানান ঘটনা এর আগে সামনে এসেছে। তবে এবার তাঁরই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হল। তিনি কী সত্যিই দলবদল করছেন?

বিজেপিতে তৃণমুল বিধায়ককে নেওয়া যাবে না, এই মর্মে পোস্টার পড়েছে হুগলি স্টেশন ও বিজেপি হুগলি জেলা কার্যালয়ের গেটে। শনিবার সকাল থেকেই সে সব পোস্টার দেখা যাচ্ছে এলাকা জুড়ে। এই পোস্টারে লেখা, “অত্যাচারী, অহংকারী চুঁচুড়ার তৃণমূল এমএলএ-কে বিজেপিতে নেওয়া চলবে না। পোস্টারদাতা হিসেবে নিচে লেখা – আমরা বিজেপির সৈনিক”।

এই ঘটনা সম্পর্কে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবী করে বলেন যে বিজেপির কিছু ‘মদ্যপ’ এই কাজ করতে পারে। তাঁর আরও দাবী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দেবেন বলে তাঁর কাছে খবর আছে।

বিধায়ক জানান, তাঁর বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। আসলে এই ধরনের পোস্টার দিয়ে জল ঘোলা করতে চাইছে কেউ। তিনি বলেন, “আমার বিজেপিতে যাওয়ার খবর, এরা কোথা থেকে পেল? আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আমি বিজেপিতে যাব”।

তবে এই পোস্টার নিয়ে বেশ গুঞ্জন যে ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। অনেকের মতেই, পঞ্চায়েত ভোটের আগে দলবদল আশ্চর্যের নয়। কিন্তু বিজেপির প্রতি বরাবরই আক্রমণাত্মক ভঙ্গিই পোষণ করেছেন তৃণমূল বিধায়ক। তবুও অনেকেরই প্রশ্ন, তাহলে কী বিজেপিকে আক্রমণ করাটা পুরোটাই উপর উপর? আসলে গোপনে কী বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে অসিত মজুমদারের?

তবে বিজেপির দাবী, এই পোস্টারের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, “কারা এই পোস্টার দিয়েছে জানি না। এই পোস্টারের বিষয়ে আমার কিছু জানা নেই। কাকে নেওয়া যাবে, কাকে নেবে না সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। আমাদের দলের কিছু গাইডলাইন আছে। আমরা সেটা মেনেই কাজ করি। অসিত মজুমদারকে দল নেবে না নেবে না, সেটা সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব”।

RELATED Articles