টানা তিনদিন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal) জেরা করেছেন ইডি আধিকারিকরা। কিন্তু তেমন কিছুই জানা যায় নি তাঁর থেকে। এই কারণে এবার অনুব্রতকে (Anubrata Mandal) হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি (Delhi) নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সেই আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর।
গরুপাচারকাণ্ডে গত বুধবার থেকে টানা তিন দিন গরুপাচারকাণ্ডে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। তবে তাতে লাভের লাভ তেমন হননি। কারণ নাম – ঠিকানার মতো ব্যক্তিগত কিছু তথ্য ছাড়া গোয়েন্দাদের তেমন কিছু জানাতে পারেননি সুকন্যা। প্রায় সব প্রশ্নের উত্তরেই হয় বলেছেন, বাবা জানেন, নইলে হিসাবরক্ষক মণীশ কোঠারির নাম করেছেন তিনি।
এহেন পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডের রহস্য ভেদ করতে দিল্লি নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান ইডি আধিকারিকরা। চলতি মাসেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। এর জন্য আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি।
বলে রাখি, গত মাসে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যায় ইডি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সায়গলকে দিল্লি নিয়ে যেতে সাফল্য পায় তারা। কিন্তু সায়গল সেখানে গোয়েন্দাদের কী বলেছেন তা অবশ্য জানা যায়নি। তবে সায়গলকে দিল্লি নিয়ে যেতে ইডিকে যে আইনি জটিলতা পেরোতে হয়েছিল এবার তা আর চায় না তারা।





