শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি দিনেই জেগে ওঠে দেশপ্রেম, তারপর সব উধাও। শুরু হয় ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতি।
অতীতে একাধিকবার ধর্মের দোহাই দিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয়েছে মীরকে। তাঁর বড়দিনের সেলিব্রেশন কিংবা দুর্গাপুজোয় মেতে ওঠা নিয়ে মৌলবাদীদের রোষানলে পড়তে হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার দিন সেই সবকিছুরই প্রতিক্রিয়া প্রতিফলিত হল মীরের এই পোস্টে।
ধর্মের নামে চলে খুনোখুনি, রাহাজানি। যত দিন যাচ্ছে, ততই যেনও বাড়ছে মানুষের এই প্রবৃত্তি। আর তাই ভারতের ৭২তম সাধারণতন্ত্র দিবসে একটি ব্যতিক্রমী পোস্ট করলেন অভিনেতা-সঞ্চালক মীর। তবে দেশের সংবিধান কার্যকর হওয়ার দিন এই জনপ্রিয় ব্যক্তিত্বের ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা নিয়ে কম সমালোচনা কম হচ্ছে না।
মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মীর। ছবিতে দেখা যাচ্ছে যেখানে আরাম করে শুয়ে রয়েছে দু’টি কুকুর। বহির্জগতের কোনও দুশ্চিন্তাই তাদের ছুঁতে পারে না। সঙ্গে ক্যাপশনে লেখা, “ওই দেখ। আবার পতাকা তুলে দেশের গান গাইছে ওরা। আবার তো কাল সকাল থেকে ধর্মের নামে একে অপরকে খিস্তি দেবে, মারধর করবে! আমরাই ভাল রে। অন্তত এদের মত দু-মুখো নই।”
অত্যন্ত সহজ একটা উদাহরণ দিয়ে বাংলা তথা গোটা দেশের বর্তমান পরিস্থিতিটাই যেনও তুলে ধরার চেষ্টা করেছেন মীর। যেভাবে ধর্মের নামে প্রতিদিনই তু-তু ম্যায় ম্যায় হয়ে চলেছে, যেভাবে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে রাজনৈতিক দলগুলি, তাকেই ব্যঙ্গাত্মকভাবে খোঁচা দিয়েছেন অভিনেতা।
ওই দেখ। আবার পতাকা তুলে দেশের গান গাইছে ওরা।
আবার তো কাল সকাল থেকে ধর্মের নামে একে অপরকে খিস্তি দেবে, মারধর করবে! 😆😆😆😆😂😂😂😂
আমরাই ভাল রে। অন্তত এদের মত দু-মুখো নই। 😇❤️#72ndRepublicDay
Posted by Mir Afsar Ali on Monday, January 25, 2021
আর সকাল থেকে সেই পোস্টটি নিয়েই চলছে জোর আলোচনা। মীরের ‘রসিকতা’য় দ্বিধাবিভক্ত হয়ে গেছে নেটমহল।তাঁর অনুরাগীদের একাংশ এই পোস্টের প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, মানতে কষ্ট হলেও এটাই সত্যি। অনেকে আবার এত গুরু গম্ভীর বিষয়টি এত সহজভাবে প্রকাশ করার জন্য মীরকে ধন্যবাদও জানিয়েছেন। তবে অন্য একটি অংশ এমন পোস্ট দেখে দুঃখই পেয়েছেন। অনেকের দাবি, এমন ঐতিহাসিক দিনে কুকুরের ছবি পোস্ট না করলেও তো চলত। আবার অন্য এক নেটিজেন আরও একধাপ এগিয়ে এসে লিখেছেন, দুর্গাপুজো কিংবা স্বাধীনতা দিবসের মতো বিশেষ সময়েই নিজেদের ব্যক্তিগত মতামত দিতে কেউ অতি সক্রিয় হয়ে পড়েন। এক অনুরাগীর আবার অনুরোধ, এভাবে মীর যেন নিজের ভাবমূর্তি নষ্ট না করেন।





