প্রাথমিকের ভুয়ো শিক্ষকের তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম, নিয়োগ দুর্নীতি নিয়ে তুমুল শোরগোল সোনারপুরে

বিগত কয়েকমাস ধরেই নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য উত্তাল। এই মামলা আদালতে বিচারাধীন। এই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর সেই তালিকাকে ঘিরেই এবার তুমুল শোরগোল সোনারপুরে। ভুয়ো শিক্ষকের তালিকায় নাম উঠল তৃণমূল কাউন্সিলরের।

জানা যাচ্ছে, পর্ষদের তরফে যে ভুয়ো শিক্ষকের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে, তাতে নাম রয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলী ঘোষের। জানা গিয়েছে, ২০১২ সালে তিনি প্রাথমিক স্কুলে চাকরি পান। ২০১৮ সালে সেই চাকরি বর্জন করে তিনি সোনারপুরের চৌহাটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে যোগ দেন। তাঁর নাম ভুয়ো শিক্ষকের তালিকায় উঠে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

তৃণমূলের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী এই বিষয়ে বলেন, “কুহেলী শিক্ষিত ও ভালো মেয়ে। যদিও গোটা বিষয়টি জানি না”। তবে কুহেলী ঘোষ নিজে এই ঘটনায় মুখ খুলতে রাজি হন নি। তিনি জানান যে আইনি পথেই এই বিষয়টির মোকাবিলা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে শানাতে দেরি করেনি বিরোধী শিবির। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে বলেন, “শুধু কাউন্সিলর নন, মন্ত্রীর মেয়েও জড়িত। একসঙ্গে কালীঘাট ও নবান্নও রয়েছে”। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্যের অভিযোগ, “তৃণমূলের আমলে সবকিছুই ভুয়ো। ডাক্তার থেকে শিক্ষক সবাই এই ভুয়োর তালিকায় রয়েছেন”।

চৌহাটি স্কুলের প্রধান শিক্ষক এই ঘটনা প্রসঙ্গে বলেন, সেই সময় যিনি টিচার ইনচার্জ ছিলেন, তিনি কমিশন থেকে আসা কুহেলী ঘোষের নামের সুপারিশপত্র ও নিয়োগপত্র যাচাই করেছিলেন। সেইমতোই কুহেলীকে নিয়োগ করা হয়েছিল বলে জানান তিনি।

RELATED Articles