Mamata in Danger: আরও দুই তৃণমূল নেতার যোগদানের সম্ভাবনা গেরুয়া শিবিরে! কপালে চিন্তার ভাঁজ মমতার

ফের রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। গুঞ্জন শোনা যাচ্ছে, আরও দুই তৃণমূল নেতা যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। এই নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যেতেই বিজেপি নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার ও দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু তাহের।

জানা গিয়েছে, এদিন প্রায় ২ ঘণ্টা ধরে চলে তাদের বৈঠক। এই দুই তৃণমূল নেতার শোভনের সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। যদিও আবু তাহের ও দীপক হালদার, এই দুজনেরই দাবী শুধুমাত্র ব্যক্তিগত কারণেই এদিন তারা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এও জানান যে, এদিন শোভনের জন্য জয়নগরের মোয়া নিয়ে এসেছিলেন তারা।

কিন্তু তবুও ধোঁয়াশা কিছুতেই কাটছে না। তাদের এই যুক্তি মেনে নিতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। গত ২৭শে ডিসেম্বর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা মেলেনি সেখানকার বিধায়ক দীপক হালদারের। এই নিয়ে শাসকদলের মধ্যে শুরু হয় জল্পনা। এর উপর মঙ্গলবার শোভনের তাঁর সাক্ষাৎ তাঁর দলত্যাগের জল্পনাকে আরও বেশি উস্কিয়ে দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন শোভনের বাড়িতে দীপক হালদার ও আবু তাহেরের বৈঠকে সামগ্রিক সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। বেশ গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল এই বৈঠকে। এদিন বৈঠক শেষে শোভনের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের দেখে বেশ ইতস্তত বোধ করছিলেন দীপক হালদার ও আবু তাহের।

এদিন শোভনের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে তৃণমূল বিধায়ক দীপক হালদার বলেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। এই কারণেই দেখা করতে আসা। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কী না, জিজ্ঞেস করা হলে সরাসরি ‘না’ উত্তরই দেন তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলে গুঞ্জন উঠেছে যে তৃণমূলে তিনি নাকি বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর শোভনের সঙ্গে বৈঠকের পর তাঁর সিদ্ধান্ত কী হতে চলেছে, এখন সেটাই দেখার অপেক্ষা।

RELATED Articles