WB Election 2021: ভোটের আগেই পোস্টাল ব্যালট জমা দেওয়ার নির্দেশ! তৃণমূল নেতার বিতর্কিত অডিও ক্লিপ ফাঁস

প্রথমে প্রশান্ত কিশোরের ভাইরাল ভিডিও। তারপর আর‌ও এক ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। একুশের ভোটে কাটছেই না ‘ভাইরাল’ বিতর্কের ঢেউ। এবার বীরভূম জেলার রামপুরহাট শহরের তৃণমূলের কার্যকরী সভাপতি সৌমেন ভকতের ‘ভাইরাল অডিয়ো’-র জেরে তোলপাড় হয়়েছে রাজ্য রাজনীতি। এই অডিয়ো-তে তাঁকে বলতে শোনা গেছে, রামপুরহাট পুরসভার স্থায়ী কর্মীদের পোস্টাল ব্যালট নির্দিষ্ট এক কর্মী হাতে জমা দেওয়ার নির্দেশ দিতে।
আরও পড়ুন- একুশের ভোটে বিজেপির টার্গেট শহরাঞ্চল, ভদ্র-শ্রেণীর ভোট জিততে নয়া কৌশল গেরুয়া শিবিরের

আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই অডিয়ো ক্লিপ। কি বলেছেন ওই তৃণমূল নেতা? সেখানে সৌমেন ভকতকে বলতে শোনা যাচ্ছে, ‘পুরসভার স্থায়ী কর্মীরা নিজের নিজের ব্যালট অবোধ কিশোর রামের হাতে জমা দেবেন। কারও দিতে অসুবিধা থাকলে জানিয়ে দেন। কিন্তু মিটিং হয়ে যাওয়ার পর কারও কথা শোনা হবে না। সমস্ত পোস্টাল ব্যালট অবোধ কিশোর রামের হাতেই জমা দিতে হবে।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বক্তব্য।

এই অডিও প্রকাশ্যে আসার পরই কমিশনের দ্বারস্থ হয়েছে বাম এবং বিজেপি শিবির। ইমেল মারফত অভিযোগ করার পাশাপাশি অডিয়ো ক্লিপটিও পাঠানো হয়েছে কমিশনের দফতরে। এদিকে এই ভাইরাল অডিয়ো ক্লিপ প্রসঙ্গে সৌমেন ভকত জানান, ‘আমি ওরকম কথা বলিনি। কেউ হয়তো আমার গলা নকল করেছে।’ এদিকে অবোধ কিশোর রাম, যাঁর নাম ভেসে উঠছিল, তিনি বলেন, ‘বৈঠকে আমি ছিলাম না। তবে কেউ পোস্টাল ব্যালট দিতে এলেও আমি নেব না। আর কেউ একথা বলে থাকলে আমার অনুমতি ছাড়াই বলেছেন।’

আরও পড়ুন- অভিনব প্রচার, সাধারণ মানুষকে হনুমান চল্লিশা বিলি করলেন এই বিজেপি প্রার্থী!

এই বিতর্কিত অডিয়ো প্রসঙ্গে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী শুভাশিস চৌধুরী বলেন, ‘মানুষের উপর ওদের আর ভরসা নেই। তাই পোস্টাল ব্যালট হাতিয়ে নিয়ে নিজেরাই ছাপ্পা মারবে। সুযোগ পেলে এরা বুথ দখল করে ছাপ্পা দিতেও প্রস্তুত। মানুষের উপর ভরসা, আস্থা, বিশ্বাস হারিয়ে ফেললে এভাবেই গায়ের জোরে জিততে হবে। আমরা কমিশনে অভিযোগ জানিয়েছি। দেখা যাক কমিশন কি ব্যবস্থা নেয়।’

RELATED Articles