‘এর আগেও অনেক আঘাত এসেছে, যেটা ভুল সেটাকে ভুল বলবই’, পদ ছাড়ার পর ফেসবুকে দলের বিরুদ্ধে ক্ষোভ জাহির সৌমিত্র খাঁ-র

বঙ্গ বিজেপির কোর কমিটিতে (BJP core committee) জায়গা পান নি তিনি। এই কারণে অভিমান করে রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা আগেই দিয়েছিলেন। এবার ফেসবুকে (Facebook) দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি দলের একাংশের আচরণে ক্ষুব্ধ।

ফেসবুকে একটি পোস্ট করে আকারে ইঙ্গিতে সৌমিত্র খাঁ বুঝিয়ে দিলেন যে দলের একাংশ তাঁর সঙ্গে অন্যায় করেছে। এদিন ফেসবুকে সাংসদ লেখেন, “ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব”।

তিনি আরও লেখেন, “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এটা আমি সর্বদা বলবই”। অর্থাৎ তাঁর কথায়, এর আগেও দলের তরফে তিনি আশানুরূপ আচরণ পান নি। তবে তিনি তাও সমস্ত কিছু উপেক্ষা করে নিয়েছিলেন। এবার আর চুপ থাকলেন না বিজেপি নেতা।

বলে রাখি, গত সোমবার পঞ্চায়েত নির্বাচনের আগে দলের কোর কমিটি ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কমিটিতে জায়গা পেয়েছেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পালের মতো নেতা-নেত্রীরা। কিন্তু জায়গা হয়নি সৌমিত্র খাঁ-র সেই কারণেই চটেছেন তিনি।

সাংসদ হওয়ার পর রাজ্য যুব মোর্চার সভাপতি হয়েছিলেন সৌমিত্র খাঁ। পরবর্তীতে তাঁকে সেই পদ থেকে সরিয়ে আনা হয় ইন্দ্রনীল খাঁ-কে। আর যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হন সৌমিত্র খাঁ। তবে সেই পদের সাংগঠনিক গুরুত্ব অনেকটাই কম।

এই নিয়ে অবশ্য কোনও কথা বলেন নি তিনি এর আগে। তবে এবার বিজেপির কোর কমিটি নিয়ে বেশ অসন্তুষ্ট বিষ্ণুপুরের সাংসদ। সূত্রের খবর, তিনি নিজের ঘনিষ্ঠ মহলে বলেছেন, “আমাকে আর দলের সরকার নেই”। সেই কারণেই সোমবার রাতেই রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌমিত্র খাঁ। লোকসভা নির্বাচনের আগে কী কোনওভাবে তিনি নিজের পুরনো দলে ফিরবেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

RELATED Articles