বিধানসভা নির্বাচনের (Assembly election) আগে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে প্রায় এক প্রকার বিস্ফোরণই ঘটালেন প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় (Partha pratim Roy)। ‘পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় জোর জবরদস্তি ভোট নেওয়ার চেষ্টা হয়েছে।’ সোমবার ভরা সভায় দাঁড়িয়ে এ কথা স্বীকার করলেন তিনি।
দুই বছর আগে ২০১৮–র পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election) একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয় লাভ করেছিল তৃণমূল। কিন্তু বাংলার বুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পিছনে উঠে আসে এক হিংসাত্মক ছবি।
রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় হিংসা, খুনোখুনি, বোমাবাজির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এতদিন শাসকদলের এই সমস্ত অবিচারের বিরুদ্ধে মুখ খুলতেন শুধুমাত্র বিরোধীরাই। তবে এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের সমালোচনা করলেন খোদ দলের প্রাক্তন সাংসদই।
কোচবিহারের গোপালপুরে এক জনসভায় পার্থপ্রতিম রায় বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় জোর জবরদস্তি ভোট নেওয়ার চেষ্টা হয়েছে। আর এর শাস্তিও পেয়েছে তৃণমূল। মানুষ আমাদের প্রার্থীকে লোকসভা নির্বাচনে ভোট না দিয়ে শিক্ষা দিয়েছেন। অনেক নেতার খারাপ ব্যবহারে সাধারণ মানুষ ব্যথত হয়েছেন।’ ওই নেতাদের আর দলে রাখা হবে না বলে এদিন জানিয়ে দেন পার্থপ্রতিম।





