করোনা আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী। এই গুজবে এবার আরামবাগে তাঁর পরিবারকে একঘরে করে দেওয়া হল। হুগলীর আরামবাগ মহুকুমার পুরশুড়া ব্লকের ঘোলদিগরুই গ্রামের নিশিকান্ত মাইতি, এম্বুল্যান্সে রোগীর সহায়ক হিসাবে কাজ করেন। এই পরিস্থিতিতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু এলাকায় খবর ছড়িয়ে পড়ে করোনা আক্রান্ত নিশিকান্ত মাইতি। আরামবাগ হাসপাতালে রক্ত পরীক্ষা ও করোনা চিকিৎসা হচ্ছে তার। আগুনের মতো এই গুজব ছড়িয়ে পড়ে চারিদিকে। এলাকায় আতঙ্ক দেখা দেয়। মাঝে মাঝে বাড়িতে মায়ের সাথে দেখা করতে আসে নিশিকান্ত, তাই সামাজিক বয়কটের মুখে পড়ে তার মা। কিন্তু নিশিকান্ত সম্পূর্ণ সুস্থ। একটি ভিডিও বার্তায় তিনি গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন। তিনি নিজের সম্পূর্ণ সুস্থতার কথাও তুলে ধরেছেন। দেখুন সেই ভিডিও..
করোনা পরিস্থিতিতে মানুষের সেবা করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। অনেকক্ষেত্রেই সামাজিক বয়কটের শিকার হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রশ্ন উঠছে এভাবে গুজবের কারণে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা বিপদে পড়লে কীভাবে অসুস্থ মানুষকে পরিষেবা দেবে তারা? স্বাস্থ্যকর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে এই মহামারির সময়, সকলকে তাঁদের পাশে থাকতে হবে।






