দেশব্যাপী করোনায় সংক্রামিতের হার বেড়েই চলেছে। আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। অন্যদিকে পশ্চিমবঙ্গেও সংক্রমন ক্রমে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৮৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৪৪। যদিও সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪০ জন বলেই জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮। এছাড়া গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন অর্থাৎ মোট সংখ্যা হল ২৬৫ জন। গত ২৪ ঘন্টায় ২৪৫৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে । রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৭,৫৭১ গুলি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রসচিব।
এই প্রথম রাজ্যের সঙ্গে কেন্দ্রের করোনার হিসেব মিলেছে।রাজ্যে করোনা আক্রান্তের পরবর্তি সময় থেকে এই হিসেব নিয়ে গরমিলের অনেক অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যে করোনার টেস্ট হচ্ছে না কিংবা সংখ্যা নিয়ে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। রাজ্য করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে গতকালই প্রথম রাজ্যে মোট আক্রান্তের হিসেব দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এত দিন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাই কেবল বলা হচ্ছিল। কিন্তু গত সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, এতদিন সব জায়গা থেকে তথ্য আসছিল না। তাই সঠিকভাবে সংখ্যা জানানো যাচ্ছিল না। এখন সরকারি, বেসরকারি সব ল্যাব থেকে তথ্য আসা শুরু করেছে। ফলে এখন প্রতিদিনই মোট আক্রান্তের সংখ্যা জানানো সম্ভব হচ্ছে।
এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে রাজ্যে কতটা করোনার প্রভাব বিস্তারিত হয়েছে। তবে কলকাতা ও অন্য জেলার কনটেন্টমেন্ট এলাকার বিষয় বিস্তারিত তথ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া আছে বলেই জানান স্বরাষ্ট্রসচিব। পাশাপাশি, তিনি জানান ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনতে একাধিক রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে কথাও বলছেন তারা, জানান স্বরাষ্ট্রসচিব।
একইসঙ্গে তিনি এদিন রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে কথাবলেন। তিনি জানান এ পর্যন্ত রাজ্যে প্রায় দশ কোটি মানুষ সুষ্টুভাবে রেশন থেকে খাদ্যসামগ্রী সংগ্রগ করেছেন।তবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ডাল না আসার কারণে তা দেওয়া সম্ভব হয়নি। এখনও পর্যন্ত রাজ্যে ৬,৫৫০ মেট্রিক টন ডাল এসেছে যা প্রায় মোট চাহিদা অর্ধেকেরও কম। রাজ্যে ন্যূনতম ১৪ হাজার টন ডালের দরকার। রাজ্যের ৯৯.৯৫ ভাগ জায়গায় সঠিকভাবে রেশন বিলি হচ্ছে।কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনাকে সামনে এনে সেগুলিকে বড় করে দেখানো হচ্ছে বলেই দাবি করেন স্বরাষ্ট্রসচিব।





