করোনা আতঙ্ককে পিছনে ফেলে এগোচ্ছে ইউরোপ! শুরুর অপেক্ষায় প্রিমিয়ার লিগ-লা লিগা!

করোনা অতিমারীতে সবথেকে বিধ্বস্ত ছিল ইউরোপ। স্তব্ধ হয়ে গেছিল ফুটবল বিশ্ব বাকি ইউরোপিয়ান‌ লিগের মতো বন্ধ হয়েছিল ইপিএলও। তবে ইংল্যান্ডের এক দৈনিকের মতে এফএ এ বার প্রতিটা ক্লাবের কাছে প্রত্যাবর্তনের সময়সীমা বলে দিয়েছে। যা হল ১৯ জুন। সেই সঙ্গে সতর্কবার্তাও পাঠানো হয়েছে যে ১৯ জুনের মধ্যে ফুটবল না ফিরলে গোটা মরশুমই বাতিল‌ হবে। পাশাপাশি পাঠানো হয়েছে নির্দেশিকাও- এক, ১৯ জুনের মধ্যে ফুটবলারদের মাঠে ন‌ামতেই হবে। দুই, সাত সপ্তাহে বাকি ম্যাচ খেলতে হবে প্রতিটা ক্লাবকে। প্রতিটা প্রিমিয়ার লিগ ক্লাবের কাছে ঠিক এমনটাই শর্ত রেখেছে ইংল্যান্ডের এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন)।

একদিকে যখন এবারের মতো মরশুম শেষ করার চ্যাল‌েঞ্জ নিয়ে নেমেছে এফএ। পাশাপাশি আবার ইপিএল ফেরা নিয়ে ইংলিশ ফুটবলে শুরু হয়েছে গৃহযুদ্ধ। শোনা যাচ্ছে, এ বারের ইপিএল টেবলের নীচের দিকে থাকা ক্লাবগুলো চাইছে যাতে যে করেই হোক মরশুম বাতিল হয়। তাতে অবনমনের হাত থেকে বাঁচার সম্ভাবনা আছে। আবার চেল‌সি, আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েটরা এফএ-কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মরশুম বাতিল করলেও যেন অবনমনের নিয়ম তোলা না হয়।

এদিকে, সেরি এ-র পর জীবনে ফিরতে চলেছে লা লিগাও। ইতালির আদলে ব্যক্তিগত ট্রেনিংয়ে ফুটবলারদের ফেরাতে চাইছেন স্পেনীয় ফুটবল কর্তারা। তবে একগুচ্ছ নির্দেশিকা ধরানো হয়েছে প্লেয়ারদের লা লিগা ট্রেনিংয়ে ফেরা নিয়ে। চলতি সপ্তাহেরই শেষ দিকে ট্রেনিং শুরু করার কথা ফুটবলারদের। কিন্তু সবার আগে বাধ্যতামূলক ফুটবলারদের কোভিড পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনিং সেন্টারগুলো জীবানুনাশক দিয়ে পুরোপুরি জীবানুমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

সুখবর শুনিয়েছে জার্মান প্রথম ডিভিশনের লিগ বুন্দেশলিগাও। তারা বলেছে আগামী ১৫ মে থেকেই ফুটবল শুরু হয়ে যাবে। সেইসঙ্গে অপেশাদার আউটডোর গেমসেও ছাড় দিচ্ছে জার্মানি।

RELATED Articles

Leave a Comment