করোনা হাসপাতালের মধ্যেই করোনা আক্রান্ত রোগীর ঝুলন্ত দেহকে ঘিরে ছড়াল প্রবল চাঞ্চল্য। শালবনির করোনা হাসপাতালে ঘটা এই ঘটনা ঘিরে এখন চলছে চতুর্দিকে তোলপাড়।গোপাল ঘোড়ুই (৪৫) নামে ওই ব্যক্তি খড়গপুর গ্রামীণ থানার সুলতানপুর এলাকার বাসিন্দা। শুক্রবার ভোরে কোভিড ওয়ার্ডের পাশ থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। চলতি মাসের ১২ তারিখে করোনা উপসর্গ নিয়ে শালবনি করোনা হাসপাতালে ভর্তি হন তিনি।
কিন্তু মৃতের ছেলের অভিযোগ ঘিরে ঘনাচ্ছে রহস্য। তার দাবি, আত্মহত্যা নয়, তাঁর বাবাকে খুন করা হয়েছে। পায়ে ইনফেকশন নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। নিজের পায়ে হাঁটতেও পারতেন না এই ব্যক্তি। যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার বাবা কী করে আত্মহত্যা করতে পারেন, এই প্রশ্ন তুলেছে ছেলে। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।





