Corona vaccine in kolkata: প্রতীক্ষার অবসান! বিশেষ বিমানে তিলোত্তমায় পৌঁছল সাত লক্ষ করোনা প্রতিষেধক

অবশেষে বাংলায় চলে এলো মহামারীর মহৌষধি। আজ সকালেই দমদম বিমান বন্দরে নামল বহু প্রতীক্ষিত এই করোনার প্রতিষেধক। বিমান বন্দর থেকে শীতাতাপ নিয়ন্ত্রিত পণ্যবাহী ট্রাকে করে বাগাবাজারে পৌঁছাবে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। আগামী ১৬ই জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ।

আজ‌ই বাগজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে পৌঁছাবে কোভিশিল্ড। তারপর রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে পৌঁছবে টিকা। ইতিমধ্যেই সব জেলায় তিনটি করে হাসপাতালে টিকাকরণের মহড়া হয়েছে। এই গোটা প্রক্রিয়া নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, গতকালই করোনার প্রতিষেধক নিয়ে দেশের প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই ঘোষণা করেছিলেন, দেশবাসীকে প্রতিষেধক দেওয়ার অভিযানের শুরুতে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের। এর পাশাপাশি সাফাইকর্মী, হোমগার্ড, পুলিস, ও সেনাকেও অর্থাৎ করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের প্রথম ধাপে টিকা দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান প্রথম ধাপে ৩ কোটি মানুষকে দেওয়া হবে এই প্রতিষেধক। এবং তার সমস্ত খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ও ৫০-র নীচে শারীরিক সমস্যা থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হবে l

একইসঙ্গে সতর্কবাণী শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রী দের সতর্ক করে বলেন, ‘আমাদের দুনিয়ার অন্যান্য দেশ অনুসরণ করতে চলেছে, সে কারণে সতর্ক থাকতে হবে। ভারতে কয়েক মাসের মধ্যে ৩০ কোটি জনসংখ্যাকে টিকাকরণের আওতায় আনা হবে। করোনার প্রতিষেধক নেওয়ার পর কোনও শারীরিক সমস্যা হলে তার ব্যবস্থাও থাকছে।’

সূত্রের খবর, প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ধার্য হয়েছে মাত্র ২০০ টাকা। প্রাথমিকভাবে সরকারকে ১.১ কোটি ডোজ দেবে সেরাম। আপাতত ২০০ টাকা করে পড়ছে প্রথম ১০ কোটি ডোজের দাম।

RELATED Articles