অমানবিকতার চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গ! আসানসোলে আইসোলেশন ওয়ার্ডে ঢুকে নার্সকে পেটাল রোগীর বাড়ির লোক!

নিজ ক্ষেত্রেই আক্রান্ত করোনা যোদ্ধা! এই অদেখা ভাইরাসের বিরুদ্ধে লড়তে যাঁরা জনসাধারণের শেষ ভরসা প্রশাসনের বিভিন্ন কড়া নির্দেশ সত্ত্বেও আপামর জনগণের হাতে আক্রান্ত আবার তাঁরাই। দিনরাত এক করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন যাঁরা, কিন্তু বারবার আক্রান্ত তাঁরা-ই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে পুলিসকর্মীরা এবার রাজ‍্যে তাঁদের নিরাপত্তা নিয়েই উঠল প্রশ্ন। আইসোলেশন ওয়ার্ডের ভিতর রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত এক নার্স। ন‍্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের আসানসোল জেলা হাসপাতালে।

অভিযোগ উঠেছে, আইসোলেশন বিভাগে কর্মরত ছিলেন ওই আক্রান্ত নার্স। ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক রোগীর আজ মৃত্যু হয়। ওই রোগীর মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালে চড়াও হন রোগীর পরিজনেরা। বাধা না মেনেই আইসোলেশন ওয়ার্ডের ভিতর ঢুকে পড়েন তাঁরা। ভিতর ঢুকে কর্তব্যরত ওই নার্সকে বেধড়ক পেটান অভিযুক্তরা। মারধরের চোটে জখম হন শর্মিষ্ঠা দে নামে ওই নার্স। বর্তমানে তিনি আসানসোল জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

আর এই ঘটনার পরেই হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিং সুপারিন্টেন্ডেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সরা। তাঁরা দাবি করেন, অবিলম্বে নিরাপত্তা আরও বাড়াতে হবে। আরও আটসাঁট করতে হবে। যাঁরা মারধর করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি আইসোলেশন ওয়ার্ডের ভিতর কীভাবে রোগীর আত্মীয়রা পৌঁছে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারও কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে, তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভরত নার্সরা।

RELATED Articles

Leave a Comment