একটা সাদা চিরকুটের মতো পাতা। তাতে আবার তৃণমূলের স্ট্যাম্প দেওয়া। আর পাশে লেখা ‘মদ একটি (বাংলা)’ (এই কুপনের সত্যতা যাচাই করে নি খবর ২৪৭)। এমন কুপনের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই। তুমুল ভাইরাল হল এই কুপন। আর এই কুপন নিয়ে তৃণমূলকে ফের একহাত নেওয়ার সুযোগ পেয়ে গেল বিজেপি।
এমন কুপনকে ঘিরে ব্যাপক হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, এই কুপনে যে স্ট্যাম্প রয়েছে তা আসলে তৃণমূলের পাঁচারুল অঞ্চল কমিটির স্ট্যাম্প। সেখানে একটা সইও রয়েছে। তবে সেটা আসলে কার সই, তা ঠিক বোঝা যাচ্ছে না। সেই সইয়ের পাশে লেখা রয়েছে মদ আর ব্র্যাকেটে লেখা ‘বাংলা’।
এই কুপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির তরফে দাবী করা হয়েছে, গত রবিবার উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল সভাপতি সমরেশ চোংদারের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে তৃণমূল পার্টি অফিসে একটি প্রোগ্রাম ছিল। সেখানেই এই কুপন দেওয়া হচ্ছিল বলে দাবী বিজেপির।
বিজেপি দাবী, এই কুপন দেখালেই নাকি মিলছিল মদ। কোনও এক জায়গায় এই কুপন দেখালেই এক বোতল বাংলা মদ দেওয়া হচ্ছিল বলে দাবী করেছে বিজেপি। এই ছবি ভাইরাল হতেই তৃণমূল সাফাই দিতে ময়দানে নেমে পড়েছে।
এই ভাইরাল ছবিকে ঘিরে তৃণমূলের দাবী, এই সবটা বিজেপির ষড়যন্ত্র। তাদের কথায়, বন্যাত্রাণের কুপন বিলি করা হয়েছিল। তারই কোনও ফাঁকা কুপন কোনওভাবে বিজেপির কাছে চলে যায়। এরপর বিজেপি তাতে কারসাজি করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও ব্যাপার নেই।
তবে তৃণমূলের এই দোষারোপ মানতে নারাজ বিজেপি। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চায়নি তারা। বিজেপির দাবী, এসব কাজ তারা করেনি। তবে প্রশ্ন উঠছে, কুপনে বাংলা মদ কথাটা লিখল কে তাহলে? এই ছবি ভাইরাল হতেই তৃণমূলের নিচুতলার মধ্যে বেশ শোরগোল পড়েছে।





