আর জি কাণ্ডের জেরে গোটা দেশে প্রতিবাদের আগুন জ্বলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ারকেই গ্রেফতার করা হয়েছে। আজ, শুক্রবার সেই মামলার শুনানি ছিল। কিন্তু এদিন সিবিআইয়ের উপর চূড়ান্ত ক্ষুব্ধ হলেন বিচারক। সিবিআইয়ের আইনজীবী আদালতে উপস্থিত না হওয়ায় ধমক দেন বিচারক।
আজ, শুক্রবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ শিয়ালদহ কোর্টে ছিল এই মামলার ভার্চুয়াল শুনানি। এদিন আদালতে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় জামিনের আবেদন জানান। তার আইনজীবী কবিতা সরকার আদালতে জানান, ধৃত ব্যক্তি এই ঘটনায় যুক্ত নয়। উচ্চ আদালতেও ওই অভিযুক্তের কোনও জামিন মামলা আটকে নেই। এই যুক্তিতেই জামিনের আবেদন করেন তিনি।
পাল্টা সিবিআইয়ের আইনজীবীকে সওয়াল করতে বলে আদালত। কিন্তু সেই সময় আদালতে উপস্থিত ছিলেন না সিবিআইয়ের আইনজীবী বা তদন্তকারী আধিকারিক। সহকারী তদন্তকারী আধিকারিক ছিলেন সেই সময় আদালতে। বিচারক জানতে চান, আইনজীবী কোথায়। সহকারী তদন্তকারী আধিকারিক জানান, উনি রাস্তায় আছেন, আসছেন।
একথা শুনে বেজায় চটে যান বিচারক পামেলা গুপ্ত। বলেন, “সাড়ে চারটে বেজে গিয়েছে, এখনও আসছেন? তাহলে কি এই কেসে আমি জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের তরফে চরম গাফিলতি”।
এরপর বেশ কিছুক্ষণ পর পৌঁছন সিবিআইয়ের লিগ্যাল সেলের আইনজীবী। তিনি সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেন। বিচারক সঞ্জয়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি জেলে থাকবে সঞ্জয়।





