জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ড! ৬২ দিনের মাথায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে রাজ্যে শুরু হয়েছিল তুমুল বিক্ষোভ। এরই মধ্যে জয়নগরে এক ৯ বছরের নবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার ৬২ দিনের মাথায় এবার দোষীকে সাজা ঘোষণা করল আদালত। এই ঘটনায় দোষীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

আর জি করের ঘটনায় যখন রাজ্য ও রাজনীতি উত্তাল, সেই সময় জয়নগরের এক ৯ বছরের নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় আরও উত্তেজনা ছড়ায় রাজ্যে। গত ৪ অক্টোবর জয়নগরের মহিষমারি এলাকার জলাভূমি থেকে উদ্ধার হয়েছিল এক ৯ বছরের নাবালিকার দেহ। টিউশন থেকে ফেরার পথে ওই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল।   

সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের আঁচ ছড়ায় এলাকায়। শুরু হয় রাত দখল কর্মসূচি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই ঘটনার দ্রুত বিচার হবে। এই ঘটনার তদন্ত করছিল সিআইডি। ঘটনার তদন্তের জন্য গঠন করা হয় সিট। গত ৫ অক্টোবর নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করা হয়েছিল।   

ধৃত মুস্তাকিনের বিরুদ্ধে সব তথ্যপ্রমাণ পাওয়া যায়। এই ঘটনার মামলা দায়ের হয় বারুইপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে। পকসো আইনে মামলার শুনানি চলে। গত ৩০ অক্টোবর এই মামলায় চার্জশিট জমা করে সিট। ৩৬ জনের সাক্ষী নেওয়া হয় এই মামলা চলাকালীন। সকলেই মুস্তাকিনের বিরুদ্ধে সাক্ষী দেন। এই ঘটনার ২ মাসের মাথায় মামলার রায় ঘোষণা হল।

আরও পড়ুনঃ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক! বাংলাদেশি সংস্থা ‘প্রাণ’-এর পণ্য রাস্তায় ফেলে নষ্ট করে প্রতিবাদের আগুন কলকাতায়

নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার ৬১ দিনের মাথায় এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। গতকাল, বৃহস্পতিবারই মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ, শুক্রবার সাজা ঘোষণার কথা ছিল। ফলে এদিন সকাল থেকেই বারুইপুর আদালত চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তাও ছিল। দুপুরের পর এই মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনায় আদালত।    

এদিন রাজ্য সরকারের কৌসুলি জানান, “রাজ্য সরকারের তরফে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে সওয়াল করি। আদালত তা মেনে নিয়েছে। তিনটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর অপহরণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং প্রমাণ লোপাটের জন্য ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে”।

RELATED Articles