এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam case) মামলায় এবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিজেদের হেফাজতে নিল সিবিআই (CBI)। তদন্তের স্বার্থে পার্থকে নিজেদের হেফাজতে চেয়ে আলিপুর আদালতে আবেদন করেছিল সিবিআই। আজ, শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেন বিচারক।
আদালতের নির্দেশ, ৫ দিন অর্থাৎ আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সিবিআই হেফাজতে থাকবেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল, বৃহস্পতিবারই সিবিআই গ্রেফতার করেছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এদিন তাঁকেও আদালতে পেশ করা হয়েছিল। তাঁকে ২১ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
গত ২৩শে জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ইডির হেফাজতে থাকার পর জেল হেফাজত হয় তাঁর। এতদিন প্রেসিডেন্সি জেলেই ছিলেন তিনি। এবার তিনি গেলেন সিবিআই হেফাজতে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এই একই মামলায় আপাতত আলিপুর জেলে রয়েছেন।
এদিন সশরীরে পার্থকে আদালতে হাজির করানো হয়। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এদিন সিবিআই পার্থকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। পার্থ ও কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
এদিন সওয়াল-জবাবের সময় ফের কান্নাকাটি করেন পার্থ। নিজের জামিনের আবেদন জানান তিনি। বলেন, “নিয়োগের দায়িত্বে স্বশাসিত একটি সংস্থা। আমি তাতে ছিলাম না। তাই নিয়োগে আমার কোনও হাত নেই। আমি ষড়যন্ত্রের শিকার। আমি যতদিন দায়িত্বে ছিলাম, কর্তব্যে গাফিলতি করিনি”। এরপর আদালত থেকে বেরোনোর সময় প্রচুর ভিড় দেখে পার্থবাবু কেঁদে উঠে বলেন, “মরে যাব আমি, আমাকে বেরতে দিন”।
এরপর বিচারক তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন পার্থ। এই মামলাতেই গ্রেফতার হওয়া কল্যাণ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে পার্থকে।





