উৎসবের মরশুম শেষে পুর ভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, শীর্ষ আদালতকে জানালো রাজ্য নির্বাচন কমিশন

বঙ্গে পুরভোট (municipal election) নিয়ে ঝামেলা অব্যাহত! ইতিমধ্যেই কলকাতা–সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ পুরবোর্ডের‌ই মেয়াদ ফুরিয়ে গেছে। কিন্তু হঠাৎ আগত মহামারীর জেরে ভোটের আয়োজন‌ও করা যায়নি। তাই পুর ভোটের আয়োজন করা নিয়ে মামলা পৌঁছেছে আদালত পর্যন্ত।

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন (WBSEC) শীর্ষ আদালতকে জানিয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান করোনা পরিস্থিতি পুর নির্বাচন আয়োজনের সহায়ক নয়। আর তাই উৎসবের মরশুম শেষ হলে তবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো শেষেই পশ্চিমবঙ্গে পুর ভোট হ‌ওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্য বিজেপি–র একটি প্রতিনিধি দল শীঘ্রই পুর ভোট করানোর দাবিতে গত সপ্তাহে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনকে একটি চিঠি জমা দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ২২ সেপ্টেম্বর শীর্ষ আদালত স্থগিত পুর নির্বাচনগুলি কীভাবে পরিচালিত করা যেতে পারে সে বিষয়ে নির্বাচনী প্যানেলের মতামত চেয়েছিল।

কিন্তু রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে করোনা পরিস্থিতির জেরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন করানো উপযুক্ত হবে না। ৫ই অক্টোবর, সোমবারের রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে এখনও ২৭ হাজার ৭১৭টি অ্যাকটিভ কেস রয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫,২৫৫ রাজ্যবাসীর মৃত্যু হয়েছে। প্রতিদিন ৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। শীর্ষ আদালত সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি হবে সেই ৮ই ডিসেম্বর।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, আগামী ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপুজো এবং ১৪ নভেম্বর পড়েছে কালীপুজো। করোনা পরিস্থিতির জেরে রাজ্যের প্রায় ১১০টি পুরবোর্ডে নির্বাচন স্থগিত রয়েছে। কলকাতা পুরসভা–সহ ওই প্রতিটি পুরবোর্ডের জায়গায় প্রশাসনিক বোর্ড নিয়োগ করেছে রাজ্য সরকার।

RELATED Articles

Leave a Comment