বাবুল সুপ্রিয়ের টুইটের জেরে বিড়ম্বনা, কলকাতা ছাড়তে বাধ্য হলেন এম আর বাঙুরের যুবক

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে এবার প্রাণ ওষ্ঠাগত হল আসানসোলের এক যুবকের। কলকাতা থেকে তিনি কোনওমতে পৌঁছেছেন আসানসোলে। ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বাবুল সু্প্রিয়কে একহাত নিয়েছেনও।

ওই যুবকের বাড়ি আসানসোলের কুলটিতে। চাকরি সূত্রে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন ওই যুবক। করোনা সন্দেহে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেইসময় হাসপাতালের একটি ভিডিও তুলে পোস্ট করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওটিকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে সুর চড়ান বঙ্গ বিজেপি নেতারা। ভিডিওটি রিটুইট করেন আসানসোলেরই সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  ভিডিওটি যিনি তুলেছেন, তাঁর নাম-পরিচয়ও কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ। আর তাতেই শুরু হয় গন্ডগোল।

জানা গিয়েছে, আসানসোলের ওই যুবকের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু ততদিনে নাম-পরিচয় জানাজানি হয়ে গিয়েছে। কলকাতায় যে বাড়িতে থাকতেন, সেখানে ঠাঁই হয়নি ওই যুবকের। কোনওমতে আসানসোলে নিজের বাড়িতে ফেরেন তিনি। তবে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। ঘটনাটি জানার পর শুক্রবার বাড়িতে গিয়ে ওই যুবকের সঙ্গে দেখা করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও পাশে থাকার আশ্বাস দেন। এরপরই টুইটারে সাংসদকে আক্রমণ শানান মেয়র।

RELATED Articles

Leave a Comment