বিজেপির দেশাত্মবোধকে চ্যালেঞ্জ? প্রথা ভেঙে স্বাধীনতা দিবসের দিন আলিমুদ্দিনে উত্তোলিত হবে তেরঙ্গা

দীর্ঘ বছরের ঐতিহ্যে ছেদ। এবারের স্বাধীনতা দিবস একটু অন্যরকমভাবে পালন করতে চাইছে সিপিএম। এ বছর ১৫ই আগস্টের দিন আলিমুদ্দিনে উত্তোলিত হবে জাতীয় পতাকা। স্বাধীনতা দিবসের ৭৫ বছরের পূর্তি উপলক্ষ্যে বছরভর একাধিক কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে লাল শিবির।

শুধু আলিমুদ্দিনই নয়, এবারের স্বাধীনতা দিবসে গোটা দেশের সমস্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলিত করা হবে বলে জানানো হয়েছে সিপিএমের তরফে। এর পাশাপাশি এক বছর ধরে চলবে নানান ধরণের দলীয় কর্মসূচী।

আরও পড়ুন- উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, নতুন স্লোগান নিয়ে ভবানীপুরে জোরদার প্রচার শুরু করল তৃণমূল

ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা, নানান বিষয় নিয়ে দেশব্যাপী প্রচার চলবে। আজ, রবিবার একথা জানায় সিপিএম কেন্দ্রীয় কমিটি। জানা গিয়েছে, তিনদিন ধরে চলা সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করার প্রস্তাব দেওয়া হয় বঙ্গ সিপিএমের তরফে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীই মূলত এই প্রস্তাব দেন। এরপর এই প্রস্তাবে মেনে নেওয়া হয়।

সিপিএমের এমন সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির দেশভক্তিকে পাল্টা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রে বিজেপিকে হারাতে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে হাত মেলাবে, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিমান বসু। এবার এই স্বাধীনতা দিবসে তেরঙ্গা উত্তোলনে বিজেপির দেশাত্মবোধকে চ্যালেঞ্জ জানাতে চাইছে  সিপিএম, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে জঙ্গি হামলা এড়াতে নয়া সংযোজন, লাল কেল্লা ঢোকার আগে উঠছে ‘লোহার বাক্সের’ দেওয়াল

আবার সূত্রের খবর অনুযায়ী, সেন্ট্রাল কমিটির বৈঠকে সংযুক্ত মোর্চা নিয়ে আপত্তি তোলে কেরল লবি। কেরল লবির মতে, জোটবদ্ধ হয়ে ভোটের লড়াই জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাদের ইঙ্গিত যে মূলত আইএসএফের দিকেই, তা আর বলার অপেক্ষা রাখে না। আইএসএফ-কে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে মত পিনারাই বিজয়নের রাজ্য নেতৃত্বেরও। তবে কেরল অস্বস্তিতে ফেললেও আলিমুদ্দিনের পাশে দাঁড়িয়েছে একেজি ভবন।

আরও অন্যান্য খবর