উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, নতুন স্লোগান নিয়ে ভবানীপুরে জোরদার প্রচার শুরু করল তৃণমূল

উপনির্বাচনের জন্য ভবানীপুরে নতুন স্লোগান তৈরি হল। এই স্লোগানের উপর ভর করেই বিরোধী শিবিরে আক্রমণ করতে চাইছে ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর উদ্যোগেই এই নতুন স্লোগান তৈরি করা হয়েছে।

নেট মাধ্যমে ইতিমধ্যেই এই নতুন স্লোগান নিয়ে জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই নতুন স্লোগান হল, “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে”। নতুন এই স্লোগানকে সামনে রেখেই উপনির্বাচনে লড়তে চাইছে তৃণমূল।

আরও পড়ুন- খোয়াই থানায় অভিষেকের অন্য রূপ, অবশেষে তৃণমূলের ১৪ নেতাকে জামিন দিল ত্রিপুরা আদালত

একুশের নির্বাচনের সময় মমতাকে ঘরের মেয়ে হিসেবে প্রোজেক্ট করে স্লোগান বেঁধেছিল তৃণমূল। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যে প্রচারের ঝড় উঠেছিল জোড়াফুল শিবিরের তরফে। এবার সেই বাংলার মেয়ের মাধ্যমেই ভবানীপুরে উন্নয়নের জোয়ার আনতে উদ্যত তৃণমূল। সেউ বার্তাই এখন থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নানান জায়গায় ছোটো ছোটো হোর্ডিং করে চলছে প্রচার।

উপনির্বাচনের দিনক্ষণ যদিও এখনও স্থির হয়নি। তবে এর আগে থেকেই প্রচারে কোনও কমতি রাখতে চাইছে না  তৃণমূল। এখনও প্রার্থীও ঘোষণা করা হয়নি। তবে ভবানীপুর থেকে মমতাকেই প্রার্থী হিসেবে ধরে নিয়েছে অনেকেই।

আরও পড়ুন- ত্রিপুরার ঘটনা সম্পূর্ণ ‘সাজানো’, ‘বেশি নাটক করছে দিদির ভাইরা’, কটাক্ষ দিলীপের

দলীয় সূত্রের খবর, গতকাল, শনিবার মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে উপনির্বাচনের রণকৌশল নিয়ে বৈঠক হয়। জানা যাচ্ছে, পুজোর আগে সেপ্টেম্বরের শেষের দিকেই হতে পারে ভোট। আর আগস্টের শেষের দিকেই ভোটের দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে। এই কারণেই তৃণমূল নেতা-কর্মীরা কোনও সময় ব্যয় না করেই এখন থেকেই ভোট প্রচারের জন্য উঠেপড়ে লেগেছে।

RELATED Articles