সাগরদিঘিতে ৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ পোড়ার আশঙ্কা শাসকদলের

পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপনির্বাচন যে বেশ গুরুত্বপূর্ণ ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আজ, বৃহস্পতিবার সেখানে চলছে উপনির্বাচনের ভোট গণনা। আর ট্রেন্ড যা বলছে, তাতে পঞ্চায়েতের আগে শাসক দলের মুখ পোড়ার আশঙ্কা কোনওভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথম পোস্টাল ব্যালেট গণনাতেই এগিয়ে গিয়েছিলেন বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। আর পঞ্চম রাইন্ড গণনার শেষেও ৫০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

এখনও বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনের জেরে তৃণমূলের উপর চাপ তো বাড়বেই। ভোট শতাংশের দিক দিয়ে হিসাব করলে পঞ্চম রাউন্ডের গণনা শেষে বাম-কংগ্রেস জোট এগিয়ে পেয়েছে ৪৬ শতাংশ ভোট, তৃণমূল পেয়েছে ৩৭ শতাংশ ভোট আর বিজেপির ঝুলিতে রয়েছে ১২ শতাংশ ভোট।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যে ট্রেন্ডই যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাতে বাম-কংগ্রেসের মুখেই শেষ হাসি ফুটবে। শুধু তাই নয়, শূন্য থেকে বিধানসভায় খাতা খুলবে তারা। শেষ পর্যন্ত বাইরন জিতলে তা বাংলায় বাম-কংগ্রেসকে নতুন অক্সিজেন দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিধায়ক সুব্রত সাহার প্রয়াণের ফলে এই উপনির্বাচন হচ্ছে সাগরদিঘিতে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই নির্বাচন অ্যাসিড টেস্ট বলেই ধরা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে হাওয়া বুঝতে এই উপনির্বাচনের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ।

RELATED Articles