হঠাৎ খবর এল হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান সিপিএমের নেতা বিমান বসু। তাঁকে হাসপাতালে নিয়ে যান সূর্যকান্ত মিশ্র। হঠাৎ কী হল বর্ষীয়ান বামনেতার, তা নিয়ে উদ্বেগে সকলে। শহরের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, জ্বর হয়েছে বামনেতার। সদ্যই মালদহ থেকে ফিরেছিলেন তিনি। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠাণ্ডা লেগেছিল। এর জেরেই প্রবল জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। সঙ্গে শ্বাসকষ্টও ছিল। সেই কারণে শারীরিক অবস্থা একটু খারাপ হতেই তাঁকে নিয়ে নার্সিং হোমে যান সূর্যকান্ত মিশ্র। চিকিৎসা চলছে তাঁর। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর।
বিমান বসুর হাসপাতালে ভর্তি হওয়ার প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “৩ দিন ধরে জ্বর ছিল। জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কীভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে”।
জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই প্রথমে বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর সীতারাম ইয়েচুরির প্রয়াণের ঘটনায় বেশ উদ্বিগ্ন ছিলেন বিমান বসু। শরীর খুব একটা ভালো যাচ্ছিল না তাঁর। এর উপর জ্বর, সর্দি, কাশি, সবমিলিয়ে বেশ শরীরটা খারাপই ছিল ৮৪ বছরের বামনেতার। এরই মধ্যে তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী নয় উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেককে, তৃণমূলের অন্দরেই উঠল জোরালো দাবী, বিধানসভা ভোটের আগেই ঘুরবে ‘খেলা’?
আলিমুদ্দিন স্ট্রীটে একাই থাকেন বিমান বসু। সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়ায় কোনও ঝুঁকি নিতে চান নি তাঁর দলের সদস্যরা। সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেল বেডেই রয়েছেন তিনি। প্রসঙ্গত, আগামীকাল রাজ্যের ৬ কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এর আগেই বর্ষীয়ান সিপিএম নেতা এমন অসুস্থ হয়ে পড়ায় দলের নেতা-কর্মীদের মনোবল খানিকটা ক্ষুণ্ণ হয়েছে বলে অনুমান।






