বামেদের নয়া কর্মসূচি ‘পাহারায় পাবলিক’! অপশাসন দূরীকরণে রাজ্যের নানান প্রান্ত থেকে ভাদু শেখের মতো তৃণমূল নেতাদের খুঁজে বের করবে রেড ভলান্টিয়ার্সরা

নতুন এক কর্মসূচি নিয়ে মাঠে নামল বামেরা। গত মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করেন যে রাজ্য থেকে তারা তৃণমূলের অপশাসন দূর করবে। আর এই জন্য রাজ্যের পুরসভা ও পঞ্চায়েত স্তরে হঠাৎ করে প্রতিপত্তিশালী হওয়া তৃণমূল নেতাদের খুঁজে বের করবে তারা। তাদের  নিয়ে প্রকাশ হবে এক সংকলন। বামেদের এই নতুন কর্মসূচির নাম ‘পাহারায় পাবলিক’।

এই নিয়ে সিপিএমের রাজ্য কমিটির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে লেখা, “রাজ্যজুড়ে তৃণমূলের নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়ার্সরা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে আপনার অঞ্চলে ভাদু শেখের মতো তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি পূরণ করুন। আপনার নাম এবং যাবতীয় তথ্য এখানে সুরক্ষিত থাকবে। রাজ্যজুড়ে তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি এবং বে-আইনি সকল কারবার রুখতে আমাদের সাহায্য করুন”।

বামেদের এই নতুন কর্মসূচির জন্য রেড ভলান্টিয়ার্সদের এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে চর্চার শীর্ষে উঠে এসেছিলেন এই রেড ভলান্টিয়ার্সরা। করোনা আক্রান্ত বাড়িতে বাড়িতে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া থেকে শুরু করে হাসপাতালে বেড পাইয়ে দেওয়া, সবরকম সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকত তারা। এবার তাদেরই পাহারাদার হিসেবে পেতে চাইছেন মহম্মদ সেলিম।

সিপিএমের নীতি ছিল যে দলের কর্মীদের মধ্যে জনসংযোগ গড়ে তুলতে হবে। যাতে কার বাড়িতে কী হচ্ছ না হচ্ছে, তা সবকিছু দলের নখদর্পণে থাকে। কিন্তু মাঝের কিছু সময় দলের মধ্যে সংযোগের অভাব দেখা দেয়।

তবে এবার মনে হচ্ছে সিপিএম আবার সেই পুরনো নীতি ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এভাবেই হয়ত একটু একটু করে বামেরা ফের রাজ্যে নিজেদের চাঙ্গা করে তুলতে চাইছে। এই বিষয়ে তারা এবার কতটা সক্ষমতার সঙ্গে কাজ করতে পারে, এখন সেটাই দেখার।

RELATED Articles