সবকিছুতেই মিছিল! বেঁচে ফিরলেও মিছিল, মারা গেলেও মিছিল। করোনামুক্ত হয়ে ফেরার পর দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে নিয়ে মিছিল করেছিলেন তৃণমূলকর্মীরা। এবার করোনা সংক্রমণে মারা যাওয়া পানিহাটির পুর প্রশাসক স্বপন ঘোষের দেহ নিয়েও মিছিল করল শাসক দল। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বপনবাবুর। এরপরই তাঁর দেহ নিয়ে পানিহাটিতে বের হয় শেষযাত্রা। নিয়মের তোয়াক্কা না করেই সেখানে হাজির হয়ে যান কয়েকশ’ তৃণমূল সমর্থক। মিছিলে হাজির ছিলেন স্বপনবাবুর দাদা তথা বিধানসভায় তৃণমূলের চিফ হুইপ নির্মল ঘোষও।
তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। করোনা আক্রান্ত মৃতের দেহ কী করে প্রশাসনের হাত থেকে শাসকদলের হাতে গেল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন নির্মলবাবু। সুস্থ হয়ে উঠেছেন তাঁর ছেলেও। কিন্তু তারপরেও করোনা আক্রান্ত অবস্থায় মৃতের দেহ সৎকারে ICMR-এর প্রোটোকল ভেঙে কী করে নির্মলবাবুও মিছিলে সামিল হলেন তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।
শুক্রবার দুপুরে প্রশাসনের যে গাড়িতে স্বপনবাবুর দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয় তাতে বাঁধা ছিল তৃণমূলের পতাকা। স্বপনবাবুর দেহও ঢাকা ছিল তৃমমূলের পতাকায়। চারিদিকে ছিল লোকে লোকারণ্য। তার মধ্যেই পিপিই পরা স্বাস্থ্যকর্মীরা দেহটি শববাহী গাড়িতে তোলেন। এর পর শুরু হয় মিছিল।





