এবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুসংবাদ। শুক্রবার, আইসিসি-র বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। উল্লেখ্য এই বছর অক্টোবর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু, করোনার আতঙ্কে আপাতত সেই টুর্নামেন্ট এখন হচ্ছে না।
সেপ্টেম্বরের শেষে ক্রিকেট টুর্নামেন্টের জন্য ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু, করোনার প্রাদুর্ভাবের জন্য সেও পিছিয়ে গেল। সূত্রের খবর, সেই টুর্নামেন্টও আগামী বছর হবে।
এদিকে, ২০২১ সালে যে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে, তা অপরিবর্তিত রয়েছে। তবে সূত্রের খবর, যেহেতু এ বছর করোনার চলতে সব টুর্নামেন্টই বাতিল হয়েছে তাই পরের বছর টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়াতেই করাতে চাইছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
কিন্তু, এদিনের আইসিসি বৈঠকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাতে সম্মতি না দেওয়ায় ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ এদেশেই হতে চলেছে।
অন্যদিকে ভারতের সিদ্ধান্তে শিলমোহর দেয় আইসিসিও। প্রসঙ্গত, ২০২২ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের দায়িত্ব কিন্তু অস্ট্রেলিয়াকেই দেওয়া হয়েছে।
তার পরের বছর অর্থাৎ ২০২৩ সালের ৫০-ওভার ক্রিকেট বিশ্বকাপ আবার ভারতে অনুষ্ঠিত হবে। এর আগে, ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে মিলিতভাবে ভারত বিশ্বকাপের আয়োজন করেছিল।





