পূর্বাভাস অনুসারে অবশেষে রাজ্যে প্রবেশ শুরু করল ঘূর্ণিঝড় আমফান। প্রবল শক্তি নিয়ে ভূভাগে আছড়ে পড়েছে ঝড়টি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বুধবার দুপুর ২.৩০ মিনিট থেকে ভূভাগে প্রবেশ শুরু করেছে ঝড়টি। চার ঘণ্টা ধরে তান্ডব চালাবে এই ঝড়টি।
হাওয়া অফিস সূত্রের খবর, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের মাথা স্থলভাগে ঢুকে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রটিও স্থলভাগে ঢুকে পড়বে। যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলগুলিতে ঘণ্টায় ১৬০-১৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার বেলা ৩.০৫ মিনিটে দমদম বিমানবন্দরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭৬ কিলোমিটার, বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আমফান ভূভাগে প্রবেশের সময় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে চলবে প্রবল বৃষ্টি। সময় যত কাটবে বৃষ্টির তীব্রতা তত বাড়বে। এই তান্ডবের জেরে উপকূলবর্তী এলাকাতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে।
সন্ধ্যার পর কলকাতার কাছাকাছি আসবে ঘূর্ণিঝড় আমফান। তখন কলকাতায় হাওয়ার তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তবে স্থলভাগে প্রবেশের পর দ্রুত শক্তি হারাবে ঝড় আমফান।





