আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরেই স্থলভাগে ঢুকে পড়েছে আমফান। যার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাতে প্রবল তান্ডব চলবে চার ঘন্টা ধরে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই কলকাতার সব উড়ালপুল বন্ধ করেছে। বুধবার ওই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিমি পর্যন্ত হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।
এবার আমফানের ক্ষেত্রে সতর্কতা জারি করল রেল ও বিমান কর্তৃপক্ষও। ঝড়ের তান্ডব এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৫ টা পর্যন্ত কোনো পণ্যবাহী বিমান চলাচল করবে না।
আমফানের কবলে পড়ে যাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির কোনো ক্ষতি না হয় তাই আগেভাগেই সতর্ক রেল। সে কারণেই দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির চাকা শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ ডিভিশনের বহু স্টেশনেই দেখা গিয়েছে এই চিত্র। রেল কর্তৃপক্ষের দাবি, দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি ঝড়ের দাপটে নিজের অবস্থান থেকে সরে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আমফানের কারণে আগাম বুধবার হাওড়া নিউ দিল্লি এসি স্পেশাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এর মধ্যে কোনও ট্রেন দিল্লি যাবে না অন্যদিকে রাজধানী থেকে কোনও ট্রেনও রাজ্যে আসবে না। তবে শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ করা হচ্ছে না। তবে দুর্যোগের মুখে পড়লে, ট্রেনকে থামিয়ে দেওয়া হবে।





