আজই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। বুধবার সকালে হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গঙ্গাসাগরের বুকে আজই আঘাত করবে ঘূর্ণিঝড়টি। বুধবার সকালে দিঘা থেকে মাত্র ৩২০ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঝড়ের কেন্দ্র। রাতের দিকে ঝড়টি কলকাতার ওপর দিয়ে বয়ে যাবে। যার জেরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভূভাগে প্রবেশ করার সময় তার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫৫–১৬৫ কিলোমিটার। বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়টি প্রচুর শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বুকে ঝাঁপিয়ে পড়বে। যার জেরে উপকূলে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছতে পারে। তবে ভূভাগে প্রবেশের পর শক্তি হারাতে শুরু করবে আমফান।
ঘূর্ণিঝড় আমফানের জেরে উপকূলবর্তী ২টি জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে আলিপুর। এছাড়া হাওড়া ও কলকাতাতেও ভালোই তাণ্ডব চালাতে পারে ঝড়টি। আমফানের জেরে মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। বেলা যত বাড়বে ততই বাড়বে বৃষ্টির হার। বুধবার বিকেল থেকে রাতভর চলবে এই বৃষ্টির খেলা। বৃহস্পতিবার বেলা বাড়ার পর দুর্যোগের প্রভাব কিছুটা কমতে পারে।





