এবার সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের। ১লা জুন থেকে দেশব্যাপী বড় ও ছোট শহরগুলি মিলিয়ে প্রতিদিন প্রায় ২০০টি করে নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পরিযায়ী শ্রমিক সহ যে কোনও যাত্রীই এই ট্রেন-এর পরিষেবা নিতে পারবেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই ট্যুইট করেছেন, ‘শীঘ্রই এই ট্রেনগুলির জন্য অনলাইন টিকিট বুকিং-এর ব্যবস্থা শুরু করা হবে।’ তবে কোন কোন রুটে এই ট্রেন চলবে, তা এখনও জানানো যায়নি।
ইতিমধ্যেই নয়াদিল্লি থেকে দেশের ১৫টি শহরে বিশেষ ট্রেন চলতে শুরু করেছে। ভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, পর্যটক, রোগীদের নিজের রাজ্যে পৌঁছে দিতে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এবার সাধারণ যাত্রীদের জন্যও পয়লা জুন থেকে চলবে ২০০টি নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন। রেলমন্ত্রক সূত্রে খবর, শ্রমিক স্পেশাল ট্রেনগুলির মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়ি পৌঁছে দিতে রাজ্য সরকারের কাছে শ্রমিকদের তথ্য নথিবদ্ধ করে একটি তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার অবধি ১,৫৯৫টি শ্রমিক স্পেশাল ট্রেনে ২১ লক্ষেরও বেশি যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর।
রেলমন্ত্রী ট্যুইটে আরও লেখেন, ‘আগামী দু’দিনে দরকারে শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা দ্বিগুণ করা হবে। রোজ প্রায় ৪০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চলবে সারা দেশে। পরিযায়ী শ্রমিকরা যে যেখানে আছেন, তাঁদের সেখানেই থাকার অনুরোধ জানাচ্ছি। ভারতীয় রেল আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের বাড়িতে পৌঁছে দেবে।’





