চলছিল ক্লাবের অনুষ্ঠান। নাচ করছিলেন নৃত্যশিল্পীরা। এরই মধ্যে আসে এক অশ্লীল প্রস্তাব। ক্লাবের সদস্যদের সেই প্রস্তাবে রাজি হন নি নৃত্যশিল্পীরা। ফলে বেধড়ক মার খেতে হল তাদের।
এমন ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজার এলাকায়। ওই বাজার সংলগ্ন সোনার বাংলা নামের ক্লাব রয়েছে। সেই ক্লাবেই চলছিল বিচিত্রানুষ্ঠান। সেখানে নাচতে আসা নৃত্যশিল্পীদের অশ্লীল প্রস্তাব দেন ক্লাবের সদস্যরা। তাদের পোশাক খুলে নাচতে বলা হয় যাকে বলে হট ডান্স। কিন্তু তাতে রাজি হন নি শিল্পীরা।
এরপরই নৃত্যশিল্পীদের জোরাজুরি করা হয় নাচের জন্য। ঘটনার প্রতিবাদ করলে অশালীন আচরণ করা হয় তাদের সঙ্গে। পুরুষ নৃত্যশিল্পীর পাশাপাশি মহিলা নৃত্যশিল্পীদেরও আক্রমণ করা হয়। মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।
জানা গিয়েছে, এরপর শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে যোগাযোগ করা হয় নন্দকুমার থানার সঙ্গে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে নৃত্যশিল্পীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন তারা। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘ওরা আমাকে বাঁচতে দেবে না মা…’, মা-কে ফোন করার পরই রেললাইনের ধার থেকে উদ্ধার স্কুলছাত্রীর দেহ, মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য
এই ঘটনা প্রসঙ্গে এক নৃত্যশিল্পী বলেন, “এমনিতে তিন ঘণ্টার প্রোগ্রাম। কিন্তু ৫ ঘণ্টা আমাদের ধরে রাখে। শেষে ওরা হট প্রোগ্রাম করার কথা বলে। আমরা রাজি না হওয়ায় আমাদের লোকজনকে মারধর করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। শেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এফআইআর করেছি”।





