‘বিজেপি প্রার্থী আমার বাড়ির সিঁড়ির তলায় বসে আছেন’, ছবি দেখিয়ে তুমুল কটাক্ষ দেবাংশুর, কী ঘটল হঠাৎ?

লোকসভা নির্বাচনে তমলুক থেকে ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। জোরকদমে সেখানে প্রচার শুরু করেছেন তিনি। তমলুক শহরেই একটি বাড়ি ভাড়া নিয়েছেন দেবাংশু। সেই বাড়িতেই আচমকাই তাঁর সঙ্গে দেখা করতে এলেন বিজেপি প্রার্থী। অন্তত দেবাংশুর দাবী তেমনই।

আজ, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তৃণমূল প্রার্থী বলেন, “বিজেপি প্রার্থী আমার সিঁড়ির তলায় বসে আছে”। প্রথমে কেউই বিষয়টি ঠিকভাবে বুঝতে পারেন নি। কিন্তু কিছু সময় পর বিষয়টি পরিষ্কার হতেই হাসির রোল ওঠে নেটপাড়া জুড়ে।

কী ঘটেছে ঘটনাটি?

দেবাংশু তমলুকে যে বাড়িটি ভাড়া নিয়েছেন, সেই বাড়ির সিঁড়ির নিচেই আজ একটি সাপের দেখা মেলে। আর সেই সাপকেই নিজের কৌশলে ভোট প্রচারের অঙ্গ করে নিলেন তৃণমূল প্রার্থী। সেই সাপকেই বিজেপি প্রার্থী বলে কটাক্ষ করলেন দেবাংশু।

কিন্তু কেন এমন বললেন তৃণমূল প্রার্থী?

এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও তমলুক থেকে যে বিজেপির হয়ে ভোটে লড়াই করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা মোটামুটি স্পষ্ট। তাঁর সমর্থনে তমলুকে ইতিমধ্যেই দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরে সফরে গিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজোও দেন প্রাক্তন বিচারপতি।

সাপের সঙ্গে কেন তুলনা?

আসলে বিচারপতি পদে থাকাকালীন তৃণমূলকে নিয়ে নানান কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই সম্প্রতি তিনি বলেছিলেন, “হ্যাঁ আমি অত্যন্ত বিষাক্ত, যে কোনও মুহূর্তে চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি। আপনারা সাবধানে থাকুন”। তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করেই শুক্রবার সাপ নিয়ে এহেন মন্তব্য করেছেন দেবাংশু।

এদিন এই ভিডিও পোস্ট করে দেবাংশু বলেন, “উনি নিজেকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন। তাই প্রচারে বেরিয়ে মানুষকে বলছি,  সাপ বাড়িতে তুলবেন কিনা তমলুকবাসী ভাবুন”। এও বলেন, “বিজেপির প্রার্থী আমার সিঁড়িরতলায় বসে আছে”।

এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “তৃণমূল আমাকে কেউটের সঙ্গে তুলনা করেছিল, তখনই আমি নিজেকে চন্দ্রবোড়ার সঙ্গে তুলনা করেছিলাম”। দেবাংশু যে তাঁকে এভাবে কটাক্ষ করেছে, সেই বিষয়ে প্রশ্ন করলে তাঁর সপাটে উত্তর, “কে দেবাংশু”!

RELATED Articles