সামনেই লোকসভা নির্বাচন। তৃণমূলের তরফে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও বিজেপি এখনও তা করে নি। এখনও ২৩টি আসনে প্রার্থী ঘোষণা বাকি গেরুয়া শিবিরের। প্রার্থী তালিকা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এরই মাঝে এবার জানা গেল, প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর বিজেপির হয়ে লড়বেন লোকসভা নির্বাচনে। কোন আসন থেকে প্রার্থী হবেন তিনি, তা নিয়ে রয়েছে উত্তেজনা।
গতকাল, বৃহস্পতিবারই আইপিএস পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবাশিস ধর। রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। সেই ইস্তফাপত্র অনুযায়ী, তিনি ব্যক্তিগত কারণেই ইস্তফা দিয়েছেন। এই ঘটনার পরই তাঁর রাজনীতি যোগের জল্পনা শুরু হয়। এবার খবর মিলল, তিনি সত্যিই বিজেপির টিকিটে লড়বেন লোকসভা ভোটে।
কে এই আইপিএস দেবাশিস ধর?
বাংলার অন্যতম চর্চিত আইপিএস কর্তা হলেন এই দেবাশিস ধর। আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পোস্টেড ছিলেন তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে যখন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়, সেই সময় কোচবিহারে পোস্টিং ছিল দেবাশিস ধরের। শীতলখুচির ঘটনার পর থেকেই তদন্তের মুখে পড়েন তিনি।
২০২২ সালে রাজ্য গোয়েন্দা দফতর তথা সিআইডি তাঁর বাড়িতে তল্লাশি চালায়। অভিযোগ ওঠে, দেবাশিস ধরের সঙ্গে যোগাযোগ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর। এই সুদীপ্ত রায়চৌধুরীকে আগে একবার গ্রেফতার করেছিল ইডি। শাসক দলের অভিযোগ ছিল, পুলিশের বড় পদে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন দেবাশিসবাবু। ইস্তফা দেওয়ার আগে ‘কম্পালসারি ওয়েটিং’-এ ছিলেন দেবাশিস ধর।
কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি?
তাঁর প্রার্থী হওয়া নিয়ে নানান জল্পনা থাকলেও এই মুহূর্তে তা বেশ স্পষ্ট। বিজেপি সূত্রের খবর, কলকাতার আশেপাশেই এক কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। আগে শোনা যাচ্ছিল, দেবাশিস ধরকে হয়ত বীরভূম থেকে প্রার্থী করা হবে। তবে এবার জানা গেল, বীরভূম নয়, বারাসাত কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়বেন তিনি। আর কোনও দ্বিমত নেই। বারাসাত কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হচ্ছেন দেবাশিস ধর। আগামীকাল, শনিবার বিজেপির পরবর্তী তালিকা প্রকাশিত হবে।





